Sylhet Today 24 PRINT

‘বঙ্গবন্ধু ছিলেন নিপীড়িত ও শোষিত মানুষের নেতা’

গোয়াইনঘাটে শোক দিবসের আলোচনা সভায় বক্তারা

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৫ আগস্ট, ২০২০

সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। শোক দিবসের আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা স্মৃতিচারণ করে বলেছেন, বঙ্গবন্ধু শুধু আমাদের অবিসংবাদিত নেতা ছিলেন না, বাংলাদেশের বাইরে ও বহির্বিশ্বেও ছিলেন আলোচিত এবং এক আদর্শ দীপশিখা। তিনি ছিলেন সমাজের নির্যাতিত, নিপীড়িত, শোষিত মানুষের প্রিয় নেতা। বঙ্গবন্ধু সব সময় অধিকার বঞ্চিতের অধিকার আদায়ের নায়ক ছিলেন। শোষিত বাঙালির মুক্তির সনদ ছিলেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) সিলেটের গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫তম শাহদতবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু কখনো নিজের জন্য কিছু করার চিন্তা করেননি। পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্ব মহান মুক্তিযুদ্ধে বিজয়ী করার মহানায়ক। বঙ্গবন্ধু কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। ঘাতকরা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যা করলেই সবকিছুই তাদের নিয়ন্ত্রণে চলে যাবে। আবারও দেশকে তারা পাকিস্তান বানাবে। কিন্তু মুক্তিকামী মানুষের মনে বঙ্গবন্ধু ছিলেন আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তার চিন্তা চেতনা সোনার বাংলা গড়ার স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। তার সুযোগ্য তনয়া বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরে জাতির জনকের সেই স্বপ্নকে পূরণে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা বাংলাদেশকে তার বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর রেখে যাওয়া লালিত স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা সরকারের প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন এবং এই ধারাবাহিকতা সবাইকে ধরে রাখতে হবে। জাতির জনকের স্বপ্নগুলো বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুস সাকিবের সভাপতিত্বে ও উপজেলা (পজিপ) কর্মকর্তা সুশান্ত কুমার দাসের পরিচালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম,
গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, সহসভাপতি নুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুবাস চন্দ্র পাল ছানা, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দীন,ফরিদ আহমদ শামীম, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন,গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, আহবায়ক কমিটির সদস্য মো. নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল,সুবাস দাস,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, গোয়াইনঘাট উপজেলা মুক্তি যোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ কামাল হোসেন ও সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার প্রমুখ।

অনুষ্ঠানে গোয়াইনঘাটে নবনির্মিত উপজেলা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর মুরালের শুভ উদ্বোধন করেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গোয়াইনঘাট উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.