Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ৭১তম নানকার দিবস পালিত

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৮ আগস্ট, ২০২০

বিয়ানীবাজারে ৭১তম নানকার বিদ্রোহী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নানকার স্মৃতি সৌধে শহীদদের স্মরণে নীরবতা পালন পুষ্পশ্রদ্ধা নিবেদন করা হয়।

রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের দায়িত্বশীলসহ স্থানীয়রা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। সামন্তবাদী নানকার প্রথা বিলুপ্ত করতে বিয়ানীবাজারের শানেশ্বর ও উলুউরি এলাকার কৃষকসহ সাধারণ মানুষ আন্দোলন শুরু করেন। বিয়ানীবাজার থেকে শুরু হওয়া এ আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছিল।

আন্দোলনে শহীদ হওয়া কৃষকদের শ্রদ্ধা নিবেদন করে শহীদ বেদিতে পুষ্পশ্রদ্ধা নিবেদন করেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ড, ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার, শানেশ্বর গ্রামবাসী, উলউরি সমাজ কল্যাণ সংঘ, নানকার পাঠাগারসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণি পেশার মানুষ।

বিয়ানীবাজার সাংস্কৃতিক কমান্ডের সভাপতি আব্দুল ওয়াদুদের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেন তিলপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমাদ উদ্দিন, বিয়ানীবাজার কমিউনিস্ট পার্টিও সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, কেতকি রঞ্জন দাস, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, কাউন্সিলর আকছার হোসেন প্রমুখ।

১৯৪৯ সালের ১৮ আগস্ট সোনাই নদীর তীরবর্তী শানেশ্বর-উলুউরি এলাকায় ইপিআর ও জমিদারদের লাঠিয়াল বাহিনীর আঘাতে শহীদ হয়েছিলেন ছয় কৃষক। তাদের আত্মদান ও সাধারণ মানুষের আন্দোলনে ১৯৫০ সালে নানকার প্রথা রদ এবং জমিদারি প্রথা বাতিল করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.