Sylhet Today 24 PRINT

করোনার ভ্যাকসিন কীভাবে পাবো তা জানাতে বাংলাদেশে শ্রিংলা: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক  |  ১৯ আগস্ট, ২০২০

ভারতে করোনার ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, সেটি বাংলাদেশ কীভাবে পেতে পারে সে বিষয়সহ, পারস্পরিক সুযোগ-সুবিধার বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধণ শ্রিংলার সাথে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বুধবার (১৯ আগস্ট) সকালে নগরীর জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

এ সময় তিনি আরও বলেন, সম্প্রতি কোভিড পরিস্থিতির কারণে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়নি।  তবে পরিস্থিতি উন্নতি হলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের পারস্পরিক বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ নানা সমস্যা সমাধানে আলোচনা হবে।

পারস্পরিক সু-সম্পর্ক থাকায়, বিভিন্ন সমস্যা সহজেই সমাধান হয় বলেও জানান তিনি। 

ভারত বাংলাদেশের ঐতিহাসিক বন্ধু উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবে ভারতের অংশগ্রহণ বিষয়েও আলোচনা হবে।

করোনা পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা প্রবাসী শ্রমিকদেরদের কর্মস্থলে ফেরত নেওয়ার জটিলতা সমাধানের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশ বলেছিল ভিসার মেয়াদ বা আকামা বিনা পয়সায় অটোমেটিক নবায়ন হবে।

কিন্ত কয়েকটি দেশ, যেমন একটি দেশ ইউএই ( সংযুক্ত আরব আমিরাত) তারা নতুন নতুন আইন দিচ্ছে। এখন তারা বলছে, শুধু ভিসার মেয়াদ নয়; ভ্যালিড ভিসা থাকতে হবে, তারপর যে কফিল রয়েছেন, তার গ্রিন সিগন্যাল লাগবে। এই অবস্থায় কিছু লোক পাঠানো হলেও কফিলের গ্রিন সিগন্যাল না থাকায়, তাদের ফেরত দিয়েছে। এই বিষয়টি বেশ ঝামেলা। তবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.