Sylhet Today 24 PRINT

অসংক্রামক ব্যাধি থেকে বাঁচতে হলে জীবনধারা বদলাতে হবে: সিলেট বিভাগীয় কমিশনার

সিলেটটুডে ডেস্ক |  ১৯ আগস্ট, ২০২০

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, উচ্চ রক্তচাপ থেকে বেঁচে থাকতে হলে আমাদের কায়িক পরিশ্রম এবং দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। যাদের এখনও উচ্চ রক্তচাপ হয়নি তাদের প্রত্যেককে সচেতনতা সৃষ্টি করতে হবে। অর্থাৎ অসংক্রামক ব্যাধি থেকে বাঁচতে হলে জীবনধারা ও খাদ্যাভ্যাস বদলাতে হবে।

বুধবার (১৮ আগস্ট) সকালে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে, এনসিডিসি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পাইলট প্রকল্পের ৮ দিন ব্যাপী ব্যাচ ভিত্তিক ট্রেনিং প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে তিনি এই কথাগুলো বলেন।

উক্ত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, আমরা যদি যার যার অবস্থান থেকে নিজের শরীরের প্রতি যত্ন রাখি। তাহলে অবশ্যই শারীরিকভাবে সুস্থ থাকতে পারব। মাঠ পর্যায়ে যারা ডাক্তার, নার্স এমনকি স্বাস্থ্য কর্মীরা কাজ করে যাচ্ছেন তারা প্রতিষেধকের পাশাপাশি প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করতে হবে।

বিভাগীয় কমিশনার বলেন, উচ্চ রক্তচাপ নিয়ে হতাশ হওয়ার কারণ নেই কিন্তু সচেতনতার প্রয়োজন রয়েছে।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. আমিনুর রহমান লস্করের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে ঢাকা থেকে ভিডিও ভার্চুয়ালে আসেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) এ মালিক এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের এপিডেমিওলজি বিভাগের বিভাগীয় প্রধান, প্রকল্পের ডাইরেক্টর প্রফেসর ডা. সুহেল রেজা চৌধুরী।

এ মালিক অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ এনসিডিসি পাইলট প্রোগ্রাম যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে, এবং রিসলভ টু সেইভ লাইভস ইউএসএ এর সহায়তায় সিলেট জেলার ৪টি উপজেলা বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বিশ^নাথ ও ফেঞ্চুগঞ্জে যে কার্যক্রম চলছে তার সন্তুষ্টি প্রকাশ করেন।

পাবলিসিটি সেক্রেটারি ও প্রজেক্ট কো-অর্ডিনেটর আবু তালেব মুরাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এবং সিলেট জেলার সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল।

সিলেট এর ৪টি উপজেলার কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন প্রজেক্ট ম্যানেজার ডা. মাহফুজুর রহমান ভূঁইয়া এবং প্রজেক্ট অফিসার ডা. শামীম জুবায়ের।

এখানে উল্লেখ্য ৯ আগস্ট থেকে শুরু হওয়া ৮দিন ব্যাপী ৮ব্যাচে ৪টি উপজেলার ডাক্তার, নার্স, স্যাকমো এবং এইচআইদের ট্রেনিং প্রোগ্রামে মোট ১৩৪ জন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪টি উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের মধ্যে গোলাপগঞ্জের ডা. মনিসর চৌধুরী, ফেঞ্চুগঞ্জের ডা. মো. কামরুজ্জামান, বিয়ানীবাজারের ডা. মোয়াজ্জেম আলী খাঁন চৌধুরী, বিশ^নাথের ডা. আব্দুর রহমান এবং মনিটরিং অফিসার এহসানুল আমিন ইমন ও মনিটরিং অফিসার ডা. মো. শাহিনুল ইসলাম।

সমাপনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের পরিচালক ও সিইও কর্নেল (অব.) শাহ আবিদুর রহমান।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.