Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ট্রেনে কাটা যুবকের মরদেহ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৯ আগস্ট, ২০২০

সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জের গোবিন্দপুর (জালালীয়া) নামক এলাকা থেকে, অজ্ঞাত (১৮) যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টার দিকে নিহত যুবকের মরদেহ রেল লাইনের পাশ থেকে উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বুধবার সকালে কমলগঞ্জের ভানুগাছ-শমসেরনগর রেল স্টেশনের মধ্যবর্তী গোবিন্দপুর (জালালীয়া) নামক এলাকায়, রেল লাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ঘটনাস্থল রেলওয়ে পুলিশের হওয়ার মরদেহ উদ্ধার না করে রেলওয়ে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেয় তারা।

পরে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়। এ সময় নিহতের পাশ থেকে একটি কোরআন শরীফ উদ্ধার করা হয়। নিহত যুবকের মুখের ডান পাশে থেঁতলে যাওয়ার আঘাত রয়েছে। ঘটনাটি রহস্যজনক মনে হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.