Sylhet Today 24 PRINT

বড়লেখা পৌরশহরে বাসা ও দোকানে চুরি

বড়লেখা প্রতিনিধি |  ১৯ আগস্ট, ২০২০

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে একরাতে বাসা, দোকান ও একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের অক্সিজেন সিলিন্ডার চুরির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার দিবাগত রাতের যে কোনো সময় এই চুরির ঘটনা ঘটে।

এসময় চোরেরা বাসা ও দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ১ লাখ ৮ হাজার ৭০০ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় চুরি হওয়া বাসার বাসিন্দা বুধবার (১৯ অাগস্ট) বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত অাড়াইটা থেকে তিনটার মধ্যে বড়লেখা পৌর শহরের পাখিয়ালা এলাকায় সাইফুল ইসলামের বাসার ভাড়াটে পল্লী বিদ্যুতের এজিএম একেএম অাশরাফুল হুদার কক্ষে চোর হানা দেয়। এসময় তার কক্ষ থেকে একটি ল্যাপটপ, ৩টি মুঠোফোন ও একটি হ্যাডফোন নিয়ে যায়। একই রাতে থানা থেকে প্রায় অাড়াইশ গজ দূরত্বে ফখরুল ইসলাম নামে এক ব্যক্তির দোকানেও চুরির ঘটনা ঘটে। চোর নগদ টাকাসহ প্রায় ৪০ হাজার টাকার মালামাল নিয় যায়। এছাড়া একটি বেসরকারি অ্যাম্বুলেন্স থেকে অক্সিজেন সিলিন্ডার চুরির ঘটনা ঘটে বলে স্থানীয়ভাবে জানা গেছে। এই রাতে শহরের অারও কয়েকটি বাসায় চোরেরা হানা দেয়। বাসার বাসিন্দারা জেগে ওঠায় চোরেরা চুরি করতে পারেনি।

এ ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার মুঠোফোনে বুধবার (১৯ অাগস্ট) রাতে বলেন, চুরির ঘটনায় একজন লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় অাইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অক্সিজেন সিলিন্ডার চুরির বিষয়টি জানি না। তারা অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.