নিজস্ব প্রতিবেদক | ২০ আগস্ট, ২০২০
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, দেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড হোক সেটা আমরা চাই না। আমরা চাই বিচারের মাধ্যমে তার শাস্তি হোক। তবে মাঝে মধ্যে এক দুইটি দুর্ঘটনা ঘটে যায়। সরকার এ বিষয়ে সজাগ রয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে সিলেট সদর উপজেলার বাইশটিলা জলাশয়ে মৎস্য অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শাহেদ, সাবরিনার মতো অপরাধীদের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দেশে যখনই অন্যায়-দুর্নীতি হয় তখনই সরকার সরকার শক্ত হাতে দমন করে। বিশ্বের বিভিন্ন দেশেও দুর্নীতি হয়। তবে সে দেশের সরকার ও আইনশৃঙ্খলাবাহিনী তা কঠোরভাবে দমন করেন।
অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ আজবাহার আলী, সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, সিলেট সিটি কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা মহিলা ভাই চেয়ারম্যান শামীমা আক্তার প্রমুখ।