Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনতাই

কমলগঞ্জ প্রতিনিধি  |  ২১ আগস্ট, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে চালককে ছুরিকাঘাত করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আহত মোটরসাইকেল চালক কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাবই গ্রামের ফয়েজ আহমদ (৩৫) কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তার আঘাতপ্রাপ্ত হাতে অস্ত্রোপচার করা হয়।

এরআগে গত বুধবার রাত সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগরের মোকামবাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পুলিশ ঘটনাটি জানতে পেয়ে থানার এএসআই আব্দুল হামিদের নেতৃত্বে পুলিশের একটি দল সন্ধ্যার পর ঘটনাস্থল পরিদর্শন করেন। সাথে সাথে এলাকাবাসীর বক্তব্য গ্রহন করেন ও ঘটনাস্থল থেকে আহত মোটরসাইকেল চালকের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করেন।

আহত মোটরসাইকেল আরোহীর বন্ধু বাবুল মিয়া জানান, ফয়েজ  আহমদের অবস্থা আশঙ্কাজনক ছিল। বৃহস্পতিবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে। সে ছিনতাইকারী কাউকে চিনতে পারেনি। এ ঘটনায় এখন পর্যন্ত কমলগঞ্জ থানায় কোন অভিযোগ হয়নি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ঘটনার পরদিন বিকেলে জানতে পেরে সন্ধ্যায় পুলিশি তদন্ত শুরু হয়েছে। তবে মোটরসাইকেল চালকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.