নিজস্ব প্রতিবেদক | ২১ আগস্ট, ২০২০
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে সিলেটের দুই ল্যাবে ১১৫ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হওয়া গেছে। ২১ আগস্ট (শুক্রবার) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে ৫০ জনের এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৬৫ জনের করোনা শনাক্ত হয়।
শুক্রবার রাতে পাওয়া করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ফলাফল অনুযায়ী বর্তমানে সিলেট বিভাগে মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৯৫৯ জনে।
এদিন ওসমানীর ল্যাবে শনাক্ত হওয়া ৫০ জনের মধ্যে সিলেট জেলায় ৩২ জন, সুনামগঞ্জ জেলায় ১ জন ও মৌলভীবাজার জেলার ১৭ জন রয়েছেন। অন্যদিকে শাবিপ্রবির ল্যাবে শনাক্ত হওয়া ৬৫ জনের সিলেটের ২৩ জন, সুনামগঞ্জের ১৯ জন, মৌলভীবাজারের ১৫ জন ও হবিগঞ্জের ৮ জন রয়েছেন বলে সিলেটটুডে টোয়েন্টিফোরকে নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানদু’টির সংশ্লিষ্টরা।
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় ওসমানীর তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার ওসমানীর ল্যাবে ১৭৯ টি নমুনা গ্রহণ করা হয়। এছাড়া পূর্বে সংগ্রহীত আরও কিছু নমুনাসহ মোট ২৮২ পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়।
নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলায় ৩২ জন, সুনামগঞ্জ জেলায় ১ জন ও মৌলভীবাজার জেলার ১৭ জন রয়েছেন বলেও জানান এ চিকিৎসক।
বিজ্ঞাপন
এদিকে শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৬৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এদিন শাবির ল্যাবে সুনামগঞ্জের ৮৯টি , সিলেটের ৮১টি, মৌলভীবাজারের ৭৪টি ও হবিগঞ্জের ৪১টি নমুনাসহ মোট ২৮৫ টি নমুনা গ্রহণ করে ল্যাব কর্তৃপক্ষ। তবে এদিন মোট ২৮২ টি নমুনা পরীক্ষায় এই ৬৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৬৫ জনের মধ্যে ৬৫ জনের সিলেটের ২৩ জন, সুনামগঞ্জের ১৯ জন, মৌলভীবাজারের ১৫ জন ও হবিগঞ্জের ৮ জন রোগী রয়েছেন।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে এই ৬৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়।