Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক অনুদান প্রদান

কমলগঞ্জ প্রতিনিধি |  ২৫ আগস্ট, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ঠাকুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে, সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেছেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করে করেন। এসময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতবাড়ির মালিককে, জনপ্রতি নগদ ১০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, উপজেলা বিআরডিবি সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, ঠাকুরবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট সোমবার সকাল ৬টায় কমলগঞ্জের ঠাকুরবাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৭টি দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় কমলগঞ্জ ফায়ার সার্ভিসের গাফিলতির জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.