Sylhet Today 24 PRINT

টিউশন ফি মওকুফের দাবিতে ব্লু-বার্ড স্কুলের অভিভাবকদের স্মারকলিপি

সিলেটটুডে ডেস্ক |  ২৮ আগস্ট, ২০২০

করোনা মহামারীর কারণে বিপর্যস্ত গোটা বিশ্ব। সর্বক্ষেত্রে নেমে এসেছে স্থবিরতা। অনেকে হয়েছেন চাকরিহীন, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে অনেকে পড়েছেন লোকসানে। আবার অনেকেই অর্থনৈতিক সংকটে পড়ে বাসা-বাড়ি ও সাংসারিক ব্যয় নির্বাহ করতে না পেরে ফিরে গেছেন গ্রামে। করুণ এই দুর্যোগময় পরিস্থিতির মধ্যে সন্তানের বকেয়া ও চলতি বেতন পরিশোধের নোটিশ পেয়ে অনেকে হয়েছেন দিশেহারা। তাই বাধ্য হয়ে সিলেটের ব্লু-বার্ড হাইস্কুল এন্ড কলেজের ৫ শতাধিক অভিভাবক শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের জন্য আবেদন জানিয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) সকালে ব্লু-বার্ড হাইস্কুল এন্ড কলেজের গভর্নিংবডির সভাপতি, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও অধ্যক্ষ হোসনে আরা বরাবরে এ আবেদন জানান শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। যাতে সাক্ষর করেছেন ৫ শতাধিক অভিভাবক।

অভিভাবক জগদীশ চৌধুরী জুয়েল জানান, গত ৯ আগস্ট প্রি-নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বকেয়া ও চলতি বেতন ৩১ আগস্টের মধ্যে পরিশোধের জন্য নোটিশ দেয় ব্লু-বার্ড হাইস্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। কিন্তু বর্তমান এই করোনা মহামারীর কারণে অনেকেই আর্থিক সংকটে পড়ে শহর ছেড়েছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে খুব নাজুক অবস্থার মধ্যে আছেন। তাই আমরা প্রায় ৫ শতাধিক অভিভাবক শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের জন্য গভর্নিংবডির সভাপতি ও অধ্যক্ষ বরাবরে  আবেদন জানিয়েছি। আশা করি কর্তৃপক্ষ বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখবেন।

স্মারকলিপি প্রদানকালে অভিভাবকদের পক্ষে উপস্থিত ছিলেন- রেজানুর রহমান সেলিম, মো. আজিজুর রহমান, জগদীশ চৌধুরী জুয়েল, অর্জুন চন্দ্র দাশ, বিশ্বরূপ রায়, অরূপ রায় অপু, সাব্বির আহমদ, শুভংকর দেবনাথ, কৃষণ দাম, মিছবাহ খান, সায়েরা আক্তার মনি, নজরুল ইসলাম, মো. মানিক মিয়া, অ্যাডভোকেট সাইদুর রহমান, শরীফ আহমেদ, দীপক কপালি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.