Sylhet Today 24 PRINT

দলই চা বাগানের আন্দোলনে চা শ্রমিক ফেডারেশনের সংহতি

সিলেটটুডে ডেস্ক |  ৩০ আগস্ট, ২০২০

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি দলই চা বাগানের শ্রমিকদের ন্যায়সঙ্গত আন্দোলনে সংহতি প্রকাশ করেছে। অসহায় শ্রমিকদের আর্থিক সহযোগিতার জন্য সিলেট, হবিগঞ্জের বিভিন্ন চা বাগানের সাধারণ শ্রমিকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে ৬ হাজার টাকা আন্দোলন তহবিলে প্রদান করেছে।

রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দ এই অর্থ হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা কমরেড উজ্জল রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল ইসলাম, চা শ্রমিক ফেডারেশনের সিলেট জেলার সংগঠক বীরেন সিং,অজিত রায়,হবিগঞ্জ জেলার সংগঠক সাধন কালিন্দি।উপস্থিত ছিলেন চা শ্রমিক ছাত্র যুব মঞ্চের সদস্য মুখেশ কর্মকার। দলই চা বাগানের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লছমি ভর,শুভাবতি ভর,রাজিব আলি,ফরিদ আলি,খোদেজা বেগম, ফাতেমা বেগম, সুদীপ্ত ভর প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ভারতের সীমান্তবর্তী দলই চা বাগান দীর্ঘ প্রায় ১ মাস ৩ দিন ধরে বন্ধ। শ্রমিকের সাথে দূর্ব্যহারের প্রতিবাদ করায় মালিকপক্ষ সম্পূর্ণ অযৌক্তিকভাবে বাগান বন্ধ করে দেয়। এ সময়ে সকল মজুরি ও রেশন বন্ধ। অনাহারে অর্ধাহারে কাটছে শ্রমিকের জীবন। করোনার ঝুঁকিতেও শ্রমিকরা কাজ করেছে অথচ শুধু অন্যায়ের প্রতিবাদ করায় তাদের প্রতি এ আচরণ। তারপর ও শ্রমিকরা লড়ছে এটাই আশাবাদ।

নেতৃবৃন্দ অবিলম্বে বাগান চালু, শ্রমিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, সকল বকেয়া মজুরি প্রদান, রেশন প্রদান ও ব্যবস্থাপক আমিনুল ইসলামের প্রত্যাহারসহ শ্রমিকদের সকল দাবি মেনে নেয়ার জোর দাবি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.