Sylhet Today 24 PRINT

কুচাই ইউনিয়নের ৬টি মৌজা সিসিকে অন্তর্ভূক্তির দাবি

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০২০

সিলেট দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের ৬টি মৌজা সিলেট সিটি করপোরেশনের অন্তর্ভুক্তির দাবিতে পররাষ্ট্রমন্ত্রী, সিলেট সিটি মেয়র, ও সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেছে এলাকাবাসী।

রোববার সকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী’র ব্যক্তিগত কর্মকর্তা আবুল হোসেন ও সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে কুচাই ইউনিয়নের পালপুর, কুচাই, পশ্চিমভাগ, শ্রীরামপুর, সুলতানপুর ও তৈয়বসুলতান মৌজাকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্তির আহবান জানিয়ে সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শাহ নিজাম উদ্দিন, মো. আক্তার হোসেন, মো. নিজাম উদ্দিন ইরান, মোর্শেদ আহমদ মুকুল, সামরান সাবের, মো. খসরুজ্জামান, সরওয়ার খান মাজেদ, মো. সাহাব উদ্দিন সাবুল, জুলফিকার আহমদ জলফু, মো. ছাদ উদ্দিন, মো. আব্দুল বাছিত, সাবুল আহমদ, মালেক মিয়া ও মো. তাজ উদ্দিন প্রমুখ।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, কুচাই ইউনিয়নের পালপুর, কুচাই, পশ্চিমভাগ, শ্রীরামপুর,সুলতানপুর ও তৈয়বসুলতান মৌজাকে বাদ দিয়ে সিলেট সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির খসড়া গেজেট প্রকাশ করা হয়েছে। আমরা চাই পালপুর, কুচাই, পশ্চিমভাগ, শ্রীরামপুর,সুলতানপুর ও তৈয়বসুলতান মৌজাকেও সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা হোক।

স্মারকলিপি প্রদানকালে এলাকাবাসী বলেন, পররাষ্ট্রমন্ত্রী সিলেটের কৃতি সন্তান ড. এ কে আব্দুল মোমেনও সিলেট সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির ব্যাপারে হতাশা ব্যক্ত করে বলেছেন বৃহত্তর স্বার্থে নতুন অন্তর্ভুক্ত এলাকাকে আরো সম্প্রসারিত করা প্রয়োজন। আমরা মন্ত্রীর কথার সাথে একাত্মতা পোষন করে বলতে চাই, দুষ্টু লোকের কোন চক্রান্তের শিকার না হয়ে প্রশাসন দ্রুত সময়ের মধ্যে এই ৬টি মৌজাকে সিটির অন্তর্ভুক্ত করতে হবে অন্যথায় গ্রামবাসী বৃহত্তর আন্দোলন কর্মসূচী নিতে বাধ্য হবে।

কুচাই ইউনিয়নটি সিলেট শহরের প্রাণকেন্দ্র বন্দরবাজার অর্থাৎ শূণ্য কিলোমিটার হতে মাত্র ৩/৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এছাড়া শূণ্য কিলোমিটার হতে কুচাই ইউনিয়নের সীমানা মাত্র ৮ কিলোমিটার। মহানগরের শূণ্য কিলোমিটার হতে এত নিকটবর্তী একটি ইউনিয়ন সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না করায় আমরা কুচাই ইউনিয়নবাসী হতাশ হয়েছি। কুচাই ইউনিয়নকে সিটি কর্পোরেশনভুক্তির সকল উপাদান বিদ্যমান থাকার পরও সম্প্রসারণের জন্য নিয়োজিত কর্মকর্তাগণ দায়সারা ভাবে সিলেট সিটি কর্পোরেশন সম্প্রসারণের অবাস্তব প্রস্তাব করেছেন। কেননা কুচাই ইউনিয়নের মধ্যে বিভাগীয় কমিশনারের এর কার্যালয়, ডিআইজি কার্যালয়, শেখ হাসিনা শিশুপার্ক, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তর, বিসিক শিল্পনগরী, ফায়ার সার্ভিস স্টেশন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, পরিবেশ অধিদপ্তর, জোনাল সেটেলেমন্ট অফিস, আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিআরটি এর ডিপো সহ বিভিন্ন প্রতিষ্টান। উল্লেখিত কার্যালয় ছাড়াও বর্তমান কুচাই ইউনিয়ন পরিষদ কার্যালয়টিও সিটি কর্পোরেশন এলাকার অভ্যন্তের অবস্থিত। এত জনগুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও যোগাযোগ অবকাঠামো বিদ্যমান থাকার পরও তা সিটি কর্পোরেশনভুক্ত না করা বাস্তবতা বিবর্জিত। কুচাই ইউনিয়ন সিলেটের প্রশাসনিক এলাকার সাথে অনেকদিন থেকে সম্পর্কযুক্ত যার দরুন এই এলাকার মানুষের জীবন মান উন্নয়নের জন্য এই ৬ মৌাজাকে অন্তর্ভুক্ত করা জরুরী প্রয়োজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.