Sylhet Today 24 PRINT

বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়: হুইপ শাহাব উদ্দিন

জুড়ীতে ১ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে একাডেমিক ভবন ও বিদ্যুতায়নের উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি |  ১৯ অক্টোবর, ২০১৫

জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময় হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের অন্যতম দারিদ্র্যপীড়িত দেশ হিসেবে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বাংলাদেশের এগিয়ে যাওয়া নিঃসন্দেহে অনুকরণীয় হয়েছে। সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের যাদুকরী সাফল্য নিয়ে জাতিসংঘে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি প্রকারান্তরে বাংলাদেশকে বিশ্ব অলংকারে রূপ দিয়েছে।

টেকসই লক্ষ্য অর্জনে বাংলাদেশ এখন অনেক এগিয়ে আছে। লক্ষ্য অর্জনের দৌড়ে বাংলাদেশ এগিয়ে থাকা স্বভাবতই ভবিষ্যতে এগিয়েই রাখবে। ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তবের অনেক কাছা কাছি চলে এসেছে।

হুইপ সোমবার ১৯ অক্টোবর মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের হাজী মনোহর আলী এম সাইফুর রহমান উচ্চ বিদ্যালয়ে প্রায় ৬৬ লক্ষ টাকা ব্যয়ে নব-নির্মিত একাডেমিক ভবন ও ৫৭ লক্ষ টাকা ব্যয়ে গবিন্দপুর, বিনোদপুর গ্রামের ১০৬ পরিবারের বাড়িতে বিদ্যুৎ সংযোগের পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হুইপ বলেন, আজকে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল, যদিও এটা বিএনপি-জামায়াত জোটের পছন্দ হয় না। তারা আন্দোলনের নামে বাস পুড়িয়ে দিয়েছে, প্রাইভেট কার পুড়িয়েছে, মানুষের ক্ষতি করেছে, বাসে আগুন দিয়ে মানুষকে পুড়িয়ে মেরেছে। এরা মানুষের কল্যাণ আনতে পারে না।

তিনি আরো বলেন, আওয়ামীলীগ সরকারের কাছে দাবি-দাওয়া করতে হয় না। একটি দেশকে কিভাবে উন্নত করতে হয় তা আওয়ামী লীগ জানে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। এদেশের উন্নয়নের জন্য যা যা করা দরকার তাই করবে আওয়ামী লীগ।

পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান, জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গুলশানারা মিলি, নির্বাহী কর্মকর্তা মো. নাছির উল্লাহ খাঁন, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, রঞ্জিতা শর্মা, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আজির উদ্দিন মাস্টার, যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী পারভেজ ঈষেণ, পল্লী বিদ্যুৎতের ডিজিএম মোস্তাফিজুর রহমান, পূর্ব জুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, শিক্ষক হুমায়ুন কবির, যুবলীগ নেতা অটল কৃষাণ সিংহ শিবেন, সমাজসেবক রমা কান্ত গোয়ালা, জুড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি শেখরুল ইসলাম, হুমায়ুন রশিদ রাজু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.