Sylhet Today 24 PRINT

সিলেট তথ্য অফিসের উঠান বৈঠক অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ০২ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাস প্রতিরোধে অন্যকে সুরক্ষিত রাখতে নিজে সচেতন থাকার আহবান জানান গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মো. তৈয়ব আলী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি সিলেটে জেলা তথ্য অফিসের আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন। উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে ছিল এই আয়োজন।

সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার। শুরুতে স্বাগত বক্তব্য দেন সহকারী তথ্য অফিসার উজ্জ্বল শীল।

প্রধান অতিথির বক্তব্যে পরিচালক মো. তৈয়ব আলী আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে মাস্ক পরার অভ্যাস গড়ে তুলতে হবে। ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া সহসকল প্রকার স্বাস্থ্য বিধি মেনে চলতে উপস্থিত সকলকে আহŸান জানান তিনি।

সভাপতির বক্তব্যে উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি বলেন-সিলেট জেলা তথ্য অফিস করোনাভাইরাস প্রতিরোধে নানাবিধ প্রচার কার্যক্রম অব্যাহতভাবে পরিচালনা করে আসছে। পাশাপাশি করোনাকালে সরকার কর্তৃক গৃহীত উন্নয়নমূলক কার্যক্রমের সাথে জনসম্পৃক্ততা বৃদ্ধিতে সামাজিক দূরত্ব বজায় রেখে নানা কর্মসূচি বাস্তবায়ন অব্যাহত রয়েছে বলে তিনি জানান। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার নারীগন অংশগ্রহণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.