Sylhet Today 24 PRINT

টমটমের ব্যাটারি চুরির জন্য চালককে খুন

গোয়াইনঘাটে টমটম চালক শাহিন খুনের মূল হোতা বশরের স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক |  ০৬ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের গোয়াইনঘাটের গুরকচি এলাকায় টমটম চালক কিশোর শাহিন আহমদ খুনের ঘটনার মূল হোতা আবুল বাশার আবুল বশরকে (৩২) গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আসামি বশরকে সিলেট শহরের পাঠানটুলা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে সে (আসামি) শাহিন খুনের কথা স্বীকার করে।

রোববার (৬ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করলে সে খুনের সাথে জড়িত মর্মে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। গ্রেপ্তারকৃত বশর গোয়াইনঘাট থানার গুরুকচি পূর্বপাড়া সাকিনের মৃত মদরিছ আলীর ছেলে।

পুলিশ জানায়, টমটম গাড়ির ব্যাটারি চুরি করার উদ্দেশ্যেই শাহিনকে আসামি বশরসহ তার সহযোগীরা খুন করেছে। পরিকল্পনা অনুযায়ী গত ৩০ আগস্ট সন্ধ্যার পরে আসামি বশরসহ তার সহযোগীরা গোয়াইনঘাট থানাধীন গরুকচি বাজার থেকে বঙ্গবীর যাওয়ার উদ্দেশ্যে শাহিনের টমটম গাড়ি ভাড়া নেয়। পরে কিছুদূর যাওয়ার পর নির্জন স্থানে প্রস্রাবের কথা বলে আসামিরা টমটম থামাতে বলে এবং নাইলনের রশি দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে শাহিনকে হত্যা করে লাশ পার্শ্ববর্তী ডুবায় ফেলে দেয়। পরে টমটম থেকে চারটি ব্যাটারি খুলে নিয়ে যায় তারা।

গত ৩০ আগস্ট রাত দশটার পর থেকে গোয়াইনঘাট থানাধীন নিয়াগুল গ্রামের আবুল কাশেমের ছেলে টমটম চালক শাহিন আহমদ (১৪) টমটম চালাতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করার পর ৩১ আগস্ট ভোরে গুরুকচি বাজার সংলগ্ন কাটাখাল নামক ব্রিজের নীচে তার লাশ পাওয়া যায়। পুলিশ সুপারের নির্দেশে এ ঘটনার রহস্য উদঘাটনসহ আসামি গ্রেপ্তারে থানা পুলিশ, ডিবিসহ জেলার একাদিক টিম কাজ শুরু করে।

এ ঘটনায় মৃতের বাবা আবুল কাশেম বাদী হয়ে গত ১ সেপ্টেম্বর গোয়াইনঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এক পর্যায়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদের নেতৃত্বে পুলিশ খুনের ঘটনায় জড়িত মূল হোতা বশরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আসামি বশর খুনের ঘটনার বর্ণনা দেন।

এ ব্যপারে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, গোয়াইনঘাটে টমটমের ব্যাটারি ছিনতাই করার উদ্দেশ্য  টমটম চালক এক কিশোরকে নৃশংসভাবে খুন করে দুর্বৃত্তরা। খুব অল্প সময়ে  ক্লু-লেস  এবং নৃশংস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন সহ মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.