Sylhet Today 24 PRINT

সিলেটে ৮০ নতুন রোগী শনাক্তের দিনে সুস্থ ৭৩, মৃত্যু ২ জনের

নিজস্ব প্রতিবেদক |  ০৮ সেপ্টেম্বর, ২০২০

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৮০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৭৩ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে ২ জনের মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

সিলেট বিভাগে শনাক্ত ৮০ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৬৫ জন ও সুনামগঞ্জে ৯ জন। তবে এদিন হবিগঞ্জে কোনো রোগী শনাক্ত না হলেও মৌলভীবাজারে এই সময়ে ৬ জন রোগী শনাক্ত হন।

বিজ্ঞাপন

এদিকে সিলেটে বিভাগে গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া ৭৩ জন রোগীর মধ্যে সিলেটে সর্বাধিক ৩২ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। আর মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন ১২ জন। এছাড়া করোনাকে জয় করে সুনামগঞ্জে বাড়ি ফিরেছেন ২৩ জন ও হবিগঞ্জে করোনা আক্রান্ত ৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৫০২ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ১৫১ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ১৬০ জন, হবিগঞ্জে ১ হাজার ৬১৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৫৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

বর্তমানে সিলেটের চার জেলায় মোট ১৪৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৮৯ জন সিলেটের, ১২ জন সুনামগঞ্জের, ২৪ জন হবিগঞ্জের ও মৌলভীবাজার জেলার ১৯ জন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৮ হাজার ৪৮৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ১৯৯ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.