Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে এনটিসির চা বাগানের শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

কমলগঞ্জ সংবাদদাতা  |  ২০ অক্টোবর, ২০১৫

সোমবার গভীর রাত পর্যন্ত চা বাগান ব্যবস্থাপক ও চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সমঝোতা বৈঠকে অবশেষে বিষয়ের সমাধা হলে কমলগঞ্জ উপজেলার এনটিসির চা বাগানে শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করেছে।

মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। সম্প্রতি চা বাগান মালিক পক্ষ ও চা শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সমঝোতা স্বাক্ষর অনুযায়ী নির্ধারিত হারে উৎসব বোনাসের দাবিতে কমলগঞ্জ উপজেলায় সরকারী মালিকানাধীন ন্যাশনাল টি কোম্পানী (এনটিসির) সাতটি চা বাগানে সোমবার সকাল থেকে চা শ্রমিকরা কর্মবিরতি পালন করে।

চা শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, আইনীভাবে প্রাপ্য উৎসব বোনাসের দাবিতে সোমবার এনটিসির কুরমা, পাত্রখোলা, চাম্পারায়, মাধবপুর, মদনমোহনপুর চা বাগান ও ফাঁড়ি চা বাগান পদ্মছড়া, বাঘাছড়া চা বাগানের প্রায় ছয় হাজার শ্রমিক উৎসব বোনাসের দাবিতে কর্মবিরতি পালন করে। সোমবার এসব এসব চা বাগান নতুন করে কোন চা পাতা উত্তোলন হয়নি এমনকি চা কারখানায়ও কাজ বন্ধ ছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যার পর ধলই ভ্যালি ক্লাবে এনটিসির ডিজিএম, ৫ চা বাগান ব্যবস্থাপক ও চা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ ও আন্দোলনকারী চা শ্রমিক প্রতিনিধির সাথে রাত দুইটা পর্যন্ত বৈঠক চলে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আপাতত উৎসব বোনাসের একটি অংশ শ্রমিকদের প্রদান করা হবে।

৩ নভেম্বর দ্বিতীয় দফায় উৎসব বোনাসের বাকী অর্থ প্রদান করা হবে। এই আশ্বাসের ভিত্তিতে আন্দোলনকারী চা শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে কাজে যোগ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.