Sylhet Today 24 PRINT

নাশকতার মামলায় সিলেটে বিএনপি-জামায়াতের ১০ নেতাকর্মী জেলহাজতে

নিজস্ব প্রতিবেদক |  ২০ অক্টোবর, ২০১৫

গাড়ি ভাঙচুর ও নাশকতার মামলায় সিলেটের গোলাপগঞ্জ বিএনপির ২ নেতা ও গোয়াইনঘাট জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের ও জেলা দায়রা জজ আদালতের বিচারক মনির উদ্দিন পাটোয়ারি তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

পৃথকভাবে গোলাপগঞ্জ ও গোয়াইনঘাট বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। তবে আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

গোলাপগঞ্জ থানায় জি আর ৫/১৫ নং মামলা এবং বিশেষ ক্ষমতা আইন ৩৪/১৫ নং মামলায় গোলাপগঞ্জের বিএনপি নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী, শোয়াইবুর রহমানকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

আদালতে গোলাপগঞ্জ বিএনপি নেতাদের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন হাবিবুর রহমান হাবিব।

গোয়াইনঘাট থানায় জি আর ৮৬/১৫ নং মামলা এবং বিশেষ ক্ষমতা আইনে ৬১/১৫ নং মামলায় ও ১৫ (৩) ধারায় জামায়াত নেতা শামীম, আলম, শাহনুর, শাহজুল, মামুন, রমজান, জামালকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

গোয়াইনঘাট জামায়াত-শিবিরের নেতাকর্মীদের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন এডভোকেট লুৎফুর কিবরিয়া শামীম ও সমিউল আলম।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পিপি এডভোকেট শামসুল ইসলাম।

তিনি জানান, আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তারা এজহারনামীয় আসামি। তাদের বিপক্ষে তদন্ত করে ইতিমধ্যেই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ থাকায় তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.