Sylhet Today 24 PRINT

নগরীর সুবিদবাজার এবং আম্বরখানার ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক |  ১০ সেপ্টেম্বর, ২০২০

সিলেট নগরীর সুবিদবাজার এবং আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (সিলেট) এ অভিযান চালায়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করে এপিবিএন এর একটি টিম।

অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ২১০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এরমধ্যে, বিদেশী পণ্যে আমদানীকারকের স্টিকার না থাকায় আর্কেডিয়াতে বুক এন্ডসকে ৮ হাজার, অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের জন্য মেট শেফকে ৫ হাজার, ফেরদৌসী কেক এন্ড সুইটকে ৩ হাজার, সুবিদ বাজারে রাঁধুনি রেস্টুরেন্টকে ২ হাজার, আফজাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ জানান, আজ (বৃহস্পতিবার) সিলেট মহানগরীর সুবিদ বাজার এবং আম্বরখানায় এই অভিযানের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করা হয়। দৃশ্যমানস্থানে মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ প্রদান করা হয়। এছাড়া সচেতনতামূলক লিফলেট বিতরণ করা ও ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য ক্রয় ও বিক্রয় করার জন্য বলা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.