গোলাপগঞ্জ প্রতিনিধি | ১৪ সেপ্টেম্বর, ২০২০
সিলেটের গোলাপগঞ্জে ৮৫হাজার পিস ভারতীয় অবৈধ নাছির উদ্দিন বিড়িসহ মাহবুব মিয়া (১৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। রোববার বিকেলে উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের দক্ষিনভাগ (পুরানপাড়া) থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার লক্ষনাবন্দ ইউপির দক্ষিণভাগ (পুরান পাড়া) গ্রামের আব্দুল মতিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আটকৃত মাহবুবের বাড়িতে ভারতীয় অবৈধ নাছির উদ্দিন বিড়ি রয়েছে।
এ সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার এসআই আশীষ চন্দ্র তালুকদারের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তার ঘর হতে ৮০হাজার শলাকা বিড়ি উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে উপজেলার কমলগঞ্জ বাজারে তার বড় ভাই কয়েছ আহমদ (৩৫) এর মুদি দোকান থেকে আরও ৫হাজার শলাকা বিড়ি উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে গোলাপগঞ্জ মডেল থানা মামলা (নং-০৭/১৩.০৯.২০২০) দায়ের করে।
এব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাহবুব মিয়ার বড় ভাই কয়েছ আহমদকে আটক করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃ নাছির বিড়ির বাজার মূল্য প্রায় ১লক্ষ ২৭হাজার ৫০০টাকা হবে বলেও জানান তিনি।