Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে কবরস্থান রক্ষার দাবিতে মানববন্ধন

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৪ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকার সামাজিক কবরস্থান রক্ষার দাবিতে জৈন্তাপুরে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে মৌজার সর্বস্তরের জনসাধারণ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় আসামপাড়া এলাকার সামাজিক কবরস্থান পরিচালনা কমিটির ডাকে সিলেট-তামাবিল মহাসড়ক চার লেন ভূমি অধিগ্রহণের নকশা পরিবর্তন করে মসজিদ ও কবরস্থান রক্ষার দাবিতে জৈন্তাপুর আসামপাড়া এলাকায় শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।

মানববন্ধন কর্মসূচি চলাকালে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতা সাইফুল ইসলাম বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ২নং জৈন্তাপুর ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, মুক্তিযোদ্ধা সিদ্দিক আলী, মুক্তিযোদ্ধা মিরন মেম্বার, মুক্তিযোদ্ধা হরমুজ আলী, সাবেক জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, জৈন্তাপুর উপজেলার সর্ববৃহৎ সামাজিক কবরস্থান আসামপাড়া কবরস্থান। এই কবরস্থানে শায়িত আছেন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রায় ২০ জনের অধিক সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধারা। স্বাধীনতার পূর্ব হতে এই জায়গা কবরস্থান হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি সরকার জনসাধারণের চলাচলের এবং ব্যবসা বাণিজ্য সুবিধার্থে সিলেট-তামাবিল মহাসড়কটি চার লেন সড়কে উন্নীত করে। যার ফলে চার লেন মহাসড়কের পুরো নকশাটিতে আমাদের স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বিজড়িত গণকবরসহ অত্রাঞ্চলের ৮ মৌজার কয়েক লক্ষ মৃত ব্যক্তির কবরস্থানের উপর দিয়ে নকশা তৈরি করে ভূমি অধিগ্রহণের কার্যক্রম নেওয়া হয়েছে। সরকারের উন্নয়ন কাজে আমাদের কোন বাঁধা নেই, আমরাও চাই সিলেট-তামাবিল মহাসড়ক দ্রুত বাস্তবায়ন করা হউক। কিন্তু ঐহিত্যবাহী আসামপাড়া মসজিদ ও সামাজিক কবরস্থানের ভূমি বাদ দিয়ে রাস্তা বিপরীত পার্শ্বে অধিগ্রহণ করার জন্য জোর দাবি জানাই। আমরা প্রাণ দিয়ে হলেও ঐতিহ্যবাহী কবরস্থানটি রক্ষায় আজ এই শান্তিপূর্ণ মানব বন্ধন কর্মসূচি পালন করেছি। ইতোমধ্যে আমরা সিলেট জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সড়ক ও জনপথ বিভাগ সিলেট, মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির কাছে লিখিতভাবে আবেদন করেছি। আমাদের এই শান্তিপূর্ণ মানব বন্ধন পালন বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধাসহ এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের কবরস্থান রক্ষা করে চার লেন সড়ক নির্মাণ করা হোক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.