Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে পিকআপের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৪ সেপ্টেম্বর, ২০২০

সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর গ্রামীন ব্যাংক এর সামনে ট্রাক ও নম্বরবিহীন পিকআপের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারিয়েছেন এক নারী। নিহত নারী উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হেমু নমশুদ্র পাড়া গ্রামের নিসি সরকারে স্ত্রী গীতা রাণী সরকার (৩৫)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে গীতা রাণী সরকার হরিপুর গ্রামীন ব্যাংক শাখা থেকে বের হয়ে বাড়িতে আসার জন্য মহাসড়কের ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।

এমন সময় সিলেট থেকে আসা জাফলংমুখী ট্রাকের সাথে প্রতিযোগিতা করে আসা দ্রুতগামী নম্বরবিহীন পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন গীতা রাণী সরকার। জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামীন ব্যাংক এর সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুতগামী অবৈধ পিকআপটি আটক করতে পারেননি।

গ্রামীন ব্যাংকের ম্যানেজার মাহবুবুল আলম বলেন, এটি নিছক কোনো দুর্ঘটনা নয়, পরিষ্কার হত্যাকাণ্ড।

তামাবিল হাইওয়ে পুলিশে ফাঁড়ি ইনচার্জ মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গীতা রাণী সরকারের মরদেহ এখন মর্গে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.