Sylhet Today 24 PRINT

সিলেটে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে দিগুণ

দেবকল্যাণ ধর বাপন |  ১৫ সেপ্টেম্বর, ২০২০

ফাইল ছবি

কয়েক ঘণ্টার ব্যবধানে সিলেটে পেঁয়াজের দাম কেজিতে বেড়ে হয়েছে দিগুণ। ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার সঙ্গে সঙ্গে দাম বাড়িয়েছেন পেঁয়াজ আমদানিকারকেরা, এমনটিই বলছেন নগরের বিভিন্ন বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, আগের দিন সোমবার সকালে পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে। তা ৪৫ থেকে ৫০ টাকা দামে বাজারে বিক্রি করেছেন খুচরা ব্যবসায়ীরা। যা মঙ্গলবার সকালে ছিল ভিন্নচিত্র। পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। খুচরা ব্যবসায়ীরা বিক্রি করেছেন ১০০ টাকারও বেশি দরে।

বিজ্ঞাপন

সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যে অতিবৃষ্টি আর বন্যার কারণে সেই দেশে পেঁয়াজের সরবরাহের ঘাটতি দেখা গেছে। নিজ দেশের বাজার স্বাভাবিক রাখতে সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। তাদের এই সিদ্ধান্ত বাংলাদেশকে এক চিঠির মাধ্যমে জানায় ভারতীয় কাস্টমস। আর সঙ্গে সঙ্গে এর প্রভাব পড়তে শুরু করেছে সিলেটসহ দেশের পেঁয়াজ বাজারে।

সিলেটের মদিনা মার্কেট এলাকার বাজারের খুচরা ব্যবসায়ী মকন মিয়া জানান, সোমবার সকালে তিনি পেঁয়াজ বিক্রি করেছেন ৪৫ টাকা কেজি দরে, রাতে তা ৮০ টাকা। আর আজ সকাল থেকে সেই পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা কেজি দরে

একই অবস্থা সিলেটের অন্যান্য বাজারগুলোতেও। নগরীর বন্দরবাজার, লালবাজার, উপশহর, মেন্দিবাগ, সোবহানীঘাট, টিলাগড়, মেজরটিলায় দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৮ থেকে ১০০ টাকা প্রতি কেজি, আর ছোট আকৃতির দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা প্রতি কেজি। অথচ দু’দিন আগে এসব পেঁয়াজ বিক্রি হয়েছিল প্রতি কেজি ৬০ টাকায় আর ছোট পেঁয়াজ বিক্রি হয়েছিল ৫০ থেকে ৬৫ টাকায়।

এদিন সিলেট নগরীর রিকাবীবাজার, তালতলা, বন্দরবাজার, আম্বরখানা, মদিনা মার্কেটসহ বিভিন্ন কাঁচাবাজারে ঘুরে দেখা গেছে এমন চিত্র। এদিকে হটাৎ করে পেঁয়াজের দাম বাড়তে থাকায় বিপাকে পড়তে হচ্ছে সাধারণ ক্রেতা ও খুচরা বিক্রেতাদের।

মদিনা মার্কেটে পেঁয়াজ কিনতে আসা আফসানা খানম নামের এক ক্রেতা বলেন, ‘রান্নায় অতি প্রয়োজনীয় একটি পণ্য পেঁয়াজ। প্রতিদিনের রান্নায় পেঁয়াজ লাগে। সোমবার খবরে দেখলাম ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে। তাই পেঁয়াজের দাম বাড়তে পারে। কিন্তু একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম এতোটা বাড়বে সেটা চিন্তাও করিনি।

বিজ্ঞাপন

এ ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সোমবার ভারত সরকার ঘোষণা দিল আর মঙ্গলবার বাংলাদেশে পেঁয়াজের দাম কেজি প্রতি দিগুণ বেড়ে গেল। এটা রীতিমত অস্বাভাবিক। ব্যবসায়ীরা ইচ্ছেকৃতভাবে দাম বাড়িয়ে দিচ্ছেন।’

এ ব্যাপারে কালীঘাট এলাকার মেসার্স সজল বাণিজ্যালয় নামের একটি আড়তের সত্ত্বাধিকারী সজল সরকার বলেন, সকালে সিলেটের বাইরের পেঁয়াজের আমদানিকারকরা ফোন করে বলেন, ভারত পেঁয়াজ রপ্তানি করা বন্ধ করে দিয়েছে, তাই ৭০ থেকে ৮০ টাকা দরে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি করতে। কিন্তু এই একই পেঁয়াজ রোববার আমরা ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি করেছি।

হঠাৎ করে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বাড়ল কেনো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত হল গোটা বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজ রপ্তানিকারক দেশ। সেই দেশ থেকেই যদি হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়, তাহলে বাজারে তো কিছুটা প্রভাব পড়বেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.