ওসমানীনগর প্রতিনিধি | ১৬ সেপ্টেম্বর, ২০২০
সিলেটের ওসমানীনগরে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। কিশোরী ধর্ষণের অভিযোগে শাহান মিয়া (২২) নামের একজনকে গ্রেপ্তার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এ ঘটনায় নির্যাতিত কিশোরী নিজেই বাদী হয়ে শাহানকে আসামি করে ওসমানীনগর থানায় একটি ধর্ষণ (মামলা নং-০৮) দায়ের করে।
গ্রেপ্তারকৃত শাহান উপজেলার সাদিপুর ইউপির সুরিকোণা গ্রামের আব্দুল হামিদের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার একটি বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করতেন শাহান মিয়া। এ সময় ওই বাড়ির প্রতিবেশী এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। পরবর্তীতে শাহান মিয়া নিজ এলাকায় চলে গেলেও মোবাইল ফোনে ওই মেয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন। গত ১৩ সেপ্টেম্বর ওই কিশোরী বাড়ি থেকে পালিয়ে ওসমানীনগরের সাদিপুর ধরখাস্থ শাহান মিয়ার নানার বাড়িতে আশ্রয় নেয়। ওই দিন রাত ১০টার দিকে শাহান মিয়া কিশোরীকে মুখ চেপে ধর্ষণ করেন। এরপর ১৩ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত একাধিকবার শাহান মিয়ার লালসার শিকার হয় ওই কিশোরী।
এদিকে পলাতক কিশোরীর খোঁজে তার পরিবারের লোকজন ওসমানীনগর এসে তার সন্ধান পান। এর পর কিশোরী তার মায়ের কাছে সব খুলে বললে তারা ১৫ সেপ্টেম্বর রাতে ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দেন। পরবর্তীতে পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে। গত মঙ্গলবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর টোল প্লাজা এলাকা থেকে আসামি শাহান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি শাহান মিয়াকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। নির্যাতিতা কিশোরীকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসিতে) চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।