Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি  |  ২১ সেপ্টেম্বর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিলন মিয়া (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামের মিলন মিয়ার ছেলে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ছনগাঁও গ্রামের গোপাল সিংহের বাড়ির সামনে মূল সড়কের উপর দিয়ে মৌলভীবাজার পল্লী সমিতির বিদ্যুতের সঞ্চালন লাইন টানা রয়েছে। এই বিদ্যুৎ লাইনের খুঁটির সাথে টানা তারের মাধ্যমে আর্থিং লাইন সংযুক্ত। কোনো ত্রুটিজনিত কারণে আর্থিং লাইনে বিদ্যুৎ প্রবাহিত হয়ে পড়ে। সকালে জিলন মিয়া ওই তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন শুকনো বাঁশ দিয়ে বিদ্যুতের তার থেকে ছাড়ালে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যার মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার (২১ সেপ্টেম্বর) বলেন, ‘ছেলেটি খুবই গরিব। কাপড়ের ব্যবসা করতো। তার ঘরে গর্ভবতী স্ত্রীও রয়েছে। পরিবারটিতে এখন অসহায়ত্ব অবস্থা। তবে আর্থিং তারে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়ার বিষয়টি মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির গাফিলতি বলে মনে হচ্ছে।’ তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য কমলগঞ্জ থানা পুলিশ লাশ নিয়ে গেছে।

এ ব্যাপারে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) গণেশ চন্দ্র দাস বলেন, এখানে আমাদের কোনো ত্রুটি পাওয়া যায়নি। আর্থিং লাইনে বিদ্যুৎ সঞ্চালিত হওয়ার কথা নয়। শারীরিক কোনো সমস্যাজনিত কারণে লোকটি মারা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.