জুড়ী প্রতিনিধি | ২১ সেপ্টেম্বর, ২০২০
মৌলভীবাজারের জুড়ীতে বিভিন্ন অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন অভিযান পরিচালনা করেন। জুড়ী থানা পুলিশ তাকে সহযোগিতা করে। এসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান, ফার্মেসী ও অন্যান্য প্রতিষ্ঠানে পর্যবেক্ষণ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার (২১ সেপ্টেম্বর) জুড়ী উপজেলার হাইস্কুল রোড, ভবানীগঞ্জ বাজার, নিউ মার্কেট, বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা না রাখা, মেয়াদউত্তীর্ণ খাদ্যপণ্য ও ঔষধ বিক্রয় করা, অতিরিক্ত দামে খাদ্যপণ্য বিক্রয় করা, ডায়াগনস্টিক সেন্টারে রোগীর শারীরিক পরীক্ষা করার জন্য অতিরিক্ত মূল্য নেওয়াসহ বিভিন্ন অনিয়মের অপরাধে হাইস্কুল রোডের সানমুন ফার্মেসীকে ৩ হাজার টাকা, ভবানীগঞ্জ বাজারে অবস্থিত নিউ পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ৭ হাজার টাকা, নিউ মার্কেটে অবস্থিত দিপ্ত ষ্টোরকে ১ হাজার টাকা ও বাসস্ট্যান্ডে অবস্থিত আতিক ষ্টোরকে ২ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ে সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, ‘অনৈতিকভাবে কেউ যাতে ভোগ্যপণ্যের দাম বাড়াতে না পারে, সে জন্য বাজার পর্যবেক্ষণ ও অভিযান অব্যাহত থাকবে।’