Sylhet Today 24 PRINT

জামালগঞ্জ উপজেলা নির্বাচন: আ. লীগের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ

জামালগঞ্জ সংবাদদাতা |  ২২ সেপ্টেম্বর, ২০২০

তৃণমূলের ভোটে হারলেও ইকবাল আল আজাদকে জামালগঞ্জের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ দেখা দিয়েছে। তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয় নেতারা প্রার্থী চুড়ান্ত করেছেন বলে অভিযোগ স্থানীয় নেতাদের।

সোমবার (২১ সেপ্টেম্ববর) জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রয়াত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদের পুত্র ইকবাল আল আজাদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। ইকবাল যুবলীগের রাজনীতির সাথে জড়িত। সম্প্রতি প্রার্থী চুড়ান্ত করা নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভায় ৬১ ভোটের মধ্যে মাত্র ৮ ভোট পেয়েছিলেন তিনি। তবে কেন্দ্রীয় নেতারা ইকবালকেই প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন।

তৃণমূল নেতাকর্মীদের মতামতকে মূল্যায়ণ না করে প্রার্থী চূড়ান্ত করায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয় নেতাদের মধ্যে।

জানা যায়, জামালগঞ্জ উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী পরিষদের ভোটে ৫৭ ভোট পেয়ে প্রথম হন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম। ২৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থান লাভ করেন সাংবাদিক আকবর হোসেন, ২৩ ভোট পেয়ে ৩য় স্থান লাভ করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি দিজেন্দ্র লাল দাস, প্রয়াত চেয়ারম্যান ইউসুফ আল আজাদের ছেলে ইকবাল আল আজাদ ৮ ভোট, মেয়ে শাহানা আল আজাদ ২ ভোট এবং মাজহারুল ইসলাম রোকন ২ ভোট পান। আরেক প্রার্থী গোলাম জিলানী আফিন্দী রাজু কোন ভোট পাননি।

তৃণমূলের এই মতামতের পর সহসভাপতি দিজেন্দ্র লাল দাশ নিজের প্রার্থীতা প্রত্যাহার করে রেজাউল করিম শামীমকে সমর্থন দিলে উপজেলা আওয়ামী লীগ থেকে রেজালউল করিম শামীম ও আকবর হোসেনের নাম কেন্দ্রে পাঠানো হয়। অথচ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তৃণমূলের মাত্র ৮ ভোট পাওয়া সদ্যপ্রয়াত চেয়ারম্যান ইউসুফ আল আজাদের ছেলেকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়।

জামালগঞ্জ উপজেলার ৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা কেন্দ্রের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন। জামালগঞ্জ সদর উপজেলার সভাপতি আব্দুল খালেক তালুকদার, সাচনা বাজার ইউনিয়নের সভাপতি জয়নাল আবেদীন, ভীমখালি ইউনিয়নের  সভাপতি আখতারুজ্জামান শাহ, ফেনারবাঁক ইউনিয়নের সভাপতি নুরুল হুদা চৌধুরী খোকন ও বেহেলি ইউনিয়নের সভাপতি নির্মাল্য কান্তি রায় এই সিদ্ধান্ত পরিবর্তণের জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন।

জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার বলেন, এই মনোনয়নে তৃণমূলের রাজনীতি অন্তপ্রাণ মানুষজনকে হতাশ করেছে। যারা দীর্ঘদিন থেকে নিজের মেধা শ্রম দিয়ে রাজনীতি করছে তাদেরকে মূল্যায়ণ করা না হলে তৃণমূলের নেতাকর্মীরা রাজনীতি বিমুখ হয়ে পড়বে।

যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম বলেন, তৃণমূলের নেতাকর্মীরদের মোট ৬১ ভোটের মধ্যে সর্বোচ্চ ৫৭ জনই ভোট দিয়েছিলেন রেজাউল করিম শামীমের পক্ষে। অথচ তৃণমূলের মতামতকে উপেক্ষা করে এই মনোনয়ন মেনে নেওয়া যায় না। কারণ তৃণমূলই আওয়ামী লীগের প্রাণ। আমরা প্রত্যাশা করি দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্তটিকে পূর্ণমূল্যায়ণ করে তৃণমূলের মতামতকে গুরুত্ব দিবেন।

জামালগঞ্জ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল খালেক বলেন, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় হাইব্রিড আওয়ামী লীগাররা দলে ঢুকে পড়েছে। দেশজুড়ে তাদের কর্মকান্ডে আওয়ামী লীগ প্রায়ই সমালোচিত হয়। জামালগঞ্জেও হাইব্রিড আওয়ামী লীগারদের কদর বেশি। এটা শুভ লক্ষণ নয়।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী রেজাউল করিম শামীম বলেন, উপজেলা আওয়ামী লীগের নেতারা সর্বোচ্চ ভোটে আমাকে উপজেলার প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। কিন্তু কি কারণে তৃণমূলের এই সিদ্ধান্তের পরিবর্তণ হয়েছে বিষয়টি এখনও বুঝিনি। আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলের নেতাকর্মীদেরকে বরাবরই মূল্যায়ণ করে এসেছেন। তিনিও এই সিদ্ধান্ত পরিবর্তন করবেন বলে আমি বিশ্বাস করি।

নৌকা প্রতীক পাওয়া প্রয়াত চেয়ারম্যান ইউসুফ আল আজাদের পুত্র ইকবাল আল আজাদ বলেন, আমার পিতা ছিলেন জনগণ অন্তঃপ্রাণ। তিনি ৫ বারের ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ৩ বারের উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান। তিনি মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্বও পালন করেছেন। আওয়ামী লীগের মনোনয়ন কমিটি আমার বাবার সচ্ছতার মূল্যায়ণ করেছেন। আমিও আমার বাবার এই আদর্শকে এগিয়ে নিয়ে যাবো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.