গোলাপগঞ্জ প্রতিনিধি | ২৩ সেপ্টেম্বর, ২০২০
সিলেটের গোলাপগঞ্জে জকিগঞ্জ-সিলেট সড়কের ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থগ্রাম নওয়াগাও রাস্তার গেইটের সামনে পিকআপ সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১ জন মহিলাসহ ৫জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার বটেশ্বর এলাকার জালাল উদ্দিন (৫০), তার স্ত্রী রোশনা বেগম (৪০), গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার লিটন আহমদ (২৭) এবং বাকী ২ জন অন্যত্র চিকিৎসা গ্রহণ করায় তাদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কায়স্থগ্রাম-নওয়াগাও রাস্তার গেইটের সামনে একটি পিকআপ ও নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিতে থাকা ৫ জন যাত্রী আহত হন। তাৎক্ষনিকভাবে স্থানীয়রা গুরুতর আহত ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বাকী ২ জন অন্যত্র চিকিৎসা গ্রহণ করেন।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ সড়ক দুর্ঘটনায় ৫ জন যাত্রী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।