Sylhet Today 24 PRINT

পূজোর ছবি নিয়ে বাপ্পী ত্রিবেদীর আলোকচিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক |  ২২ অক্টোবর, ২০১৫

শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে রামকৃষ্ণ মিশনে চলছে শিল্পী বাপ্পী ত্রিবেদীর একক আলোচিত্র প্রদর্শনী। গত ১৯ অক্টোবর (সোমবার) পূজার মহাষষ্ঠী থেকে এ আলোকচিত্র প্রদর্শনীর শুরু হয়। সিলেট ফটোগ্রাফি সোসাইটির সহযোগিতায় রয়েল টাল ইভেন্ট ম্যানেজম্যান্ট এ প্রদর্শনীর আয়োজন করেছে।

আয়োজকরা জানান, গত চার বছরের সিলেটের বিভিন্ন পূজা মন্ডপের প্রায় ৩০ টি ছবি নিয়ে চারদিনব্যাপী 'গডেস ইন সিটি' নামে এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, একজন শিল্পীর চোখে কিভাবে পূজাকে দেখা হয়, পূজাকে, পূজার মূর্তিকে যাতে নান্দনিক ভাবে উপস্থাপন করা যায় সে চিন্তা থেকেই তারা এমন ব্যাতিক্রম ধর্মী আয়োজন করেছেন।

আয়োজকরা আরো বলেন, আগামীতে তারা আরো বড় পরিসরে এমন প্রদর্শনীর আয়োজন করবেন। প্রদর্শনীর জন্য পূজা কমিটির সার্বিক সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পূজায় আসা মৃন্ময় অর্ণব নামের একজন দর্শনার্থী জানান, এই ব্যাতিক্রমধর্মী আয়োজন তার খুব ভালো লেগেছে। প্রদর্শন করা ছবি গুলো বেশ চমৎকার।

রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ সিলেটটুডে টুয়েন্টিফোরকে বলেন, এমন আয়োজন নিঃসন্দেহে ভালো। তারা অভিনন্দন পাওয়ার যোগ্য। তাদের কাজ বেশ নান্দনিক বলেও তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, দেবী বিসর্জনের আগ পর্যন্ত চলবে শিল্পী বাপ্পী ত্রিবেদীর এ আলোকচিত্র প্রদর্শনী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.