Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ৫০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

চুনারুঘাট প্রতিনিধি |  ৩০ সেপ্টেম্বর, ২০২০

হবিগঞ্জের চুনারুঘাটে ৫০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ২৪১টি কেন্দ্রে আগামী ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে এডভোকেসি সভায় এ তথ্য জানা যায়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিল্টন চন্দ্র পাল।

বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফাতেমা হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুলহাজ উদ্দিন, স্বাস্থ্যকর্মী কবির আহম্মেদ, জসিম উদ্দিন প্রমুখ।

ডা. মোজাম্মেল হোসেন বলেন, চুনারুঘাট উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে উপজেলাব্যাপী ব্যাপক প্রচার চালানো হচ্ছে। ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত উপজেলায় ২৪১টি কেন্দ্রে ৬ মাস বয়স থেকে ৫ বছরের শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এ কার্যক্রমে উপজেলার সকল শিক্ষক, ইমাম, সাংবাদিক ও জনপ্রতিনিধিসহ এলাকার জনসাধারণকে এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.