সিলেটটুডে ডেস্ক | ০১ অক্টোবর, ২০২০
এমসি কলেজে ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ তিন দফা দাবিতে আগামী শনিবার (৩ অক্টোবর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমসি কলেজ অভিমুখে পদযাত্রা করবে প্রগতিশীল ছাত্রজোট সিলেট জেলা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পদযাত্রা সফল করতে নগরের বিভিন্ন স্থানে গণসংযোগ করে প্রগতিশীল ছাত্রজোট।
বিকেল ৫টায় নগরের চৌহাট্টা, আম্বরখানা ও তার আশপাশ এলাকায় গণসংযোগ করেছেন ছাত্রজোটের নেতৃবৃন্দ। এ সময় তারা লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাবিল এইচ, মহানগর সংসদের সহ-সাধারণ সম্পাদক মনীষা ওয়াহিদ, ছাত্র ফ্রন্ট মদন মোহন কলেজের সংগঠক সাকিব রানা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধের সাথে জড়িতদের সন্ত্রাসীদের গ্রেপ্তার করলেও তাদেরকে বিচার কিংবা শাস্তির আওতায় আনা হয়নি, তাই এমসি ছাত্রাবাসে গণধর্ষণের সাথে জড়িতদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করতে হবে। এছাড়া এসব সন্ত্রাসীদের মদদদাতাদেরও বিচারের আওতায় আনতে হবে।
এ সময় তারা কলেজ প্রশাসনের সমালোচনা করে বলেন, কলেজ বন্ধ থাকার পরেও কেন ছাত্রাবাস খোলা থাকবে। এ ঘটনার মধ্য দিয়ে ছাত্রাবাসে ঘটা নানা অপকর্মের কথা বের হয়েছে। অধ্যক্ষ, হোস্টেল সুপাররা কি এসব জানতেন না? তাই এ ঘটনার দায় কলেজ প্রশাসন এড়াতে পারেন না। আমরা কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারের পদত্যাগের দাবি জানাই। এছাড়া কলেজ ক্যাম্পাসকে দখলদারিত্ব মুক্ত করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
পদযাত্রায় কোনোরকম বাধা প্রদান করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে জানান তারা।