Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে র‌্যাবের অভিযানে ভারতীয় বিড়ি জব্দ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক  |  ০২ অক্টোবর, ২০২০

সিলেট জেলার জৈন্তাপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় পাতার বিড়িসহ ১জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধারকৃত এসব বিড়ির বাজার মূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা। বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে জৈন্তাপুর থানার উপর শ্যামপুর এলাকা থেকে ভারতীয় বিড়িসহ তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হচ্ছে- জৈন্তাপুর থানার উপরশ্যামপুর এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে জামাল উদ্দিন (৩৩)।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- ৯ সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানার উপরশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিপুল পরিমাণ পাতার বিড়ি জব্দ করা হয়। এসময় পেশাদার চোরাকারবারী উপরশ্যামপুর এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে জব্দ করা বিড়িসহ গ্রেপ্তার জামাল উদ্দিনকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে জামাল উদ্দিনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- ৯ সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর মেজর মো. শওকাতুল মোনায়েম ও সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন।

আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়িসহ একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) সহকারী পুলিশ সুপার গণমাধ্যম (এএসপি মিডিয়া) ওবাইন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.