Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে র‌্যাবের অভিযানে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ০২ অক্টোবর, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা অভিযান চালিয়ে সিএনজি চালিত অটোরিকশা চোর চক্রের প্রধান সদস্যকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল উপজেলা ভৈরবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হচ্ছে- মৌলভীবাজার সদর উপজেলার নৃতেশ্বর গ্রামের মৃত মো. ছমির উল্যার ছেলে মো. নজরুল ইসলাম (৪৭)। নজরুল ইসলাম সিএনজি চালিত অটোরিকশা চুরির মামলার এজাহারনামীয় আসামি।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- ৯ সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) সূত্রে জানা গেছে, সম্প্রতি মৌলভীবাজার সদর উপজেলার শ্রীরাইনগর এলাকা থেকে আব্দুল বাছিদ মিয়া নামের এক ব্যক্তির সিএনজি চালিত অটোরিকশা চুরি হয়। এ ঘটনার পর নজরুল ইসলাম নামের এক ব্যক্তি অর্থের বিনিময়ে অটোরিকশা ফেরত দেওয়ার আশ^াস দেন। তার দেওয়া তথ্যমতে অটোরিকশার মালিক বাছিদ জানতে পারেন হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় একটি সিএনজি চোর চক্রের দল কাজ করছে। এর নেপথ্যে মো. তালেব নামের এক ব্যক্তি রয়েছেন। এই ঘটনায় মৌলভীবাজার সদর থানায় একটি মামলা হয়। মামলার প্রেক্ষিতে র‌্যাব-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর অভিযানিক দল শুক্রবার সকালে অভিযান চালিয়ে শ্রীমঙ্গল উপজেলা ভৈরবগঞ্জ বাজার এলাকা থেকে মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করে। এ অভিযানে নেতৃত্ব দেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর মেজর আহমেদ নোমান জাকি ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আব্দুল খালেক।

সিএনজি চালিত অটোরিকশা চুর চক্রের প্রধান সদস্যকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর সদর কোম্পানীর (সিলেট ক্যাম্প) সহকারী পুলিশ সুপার গণমাধ্যম (এএসপি মিডিয়া) ওবাইন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.