নিজস্ব প্রতিবেদক | ০৩ অক্টোবর, ২০২০
সিলেটের এমসি কলেজের হোস্টেলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে রিমান্ড শেষে আদালতে নেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টায় শাহপরান থানা পুলিশ কড়া নিরাপত্তায় আসামি মুহিবুর রহমান রনি, রাজন ও আইনুলকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এ হাজির করা হয়।
আদালতে আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দি দিতে পারেন বলে জানিয়েছেন এসএমপির কর্মকর্তারা।
গতকাল রাতে এই মামলার অপর তিন আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এতে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে তারা।
এর আগে, চাঞ্চল্যকর এই মামলায় গ্রেপ্তারকৃত ৮ আসামির প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর হয়।
এদিকে সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসামি তারেক ও মাহফুজের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।
প্রসঙ্গত, গত ২৫ সেপ্টেম্বর এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক তরুণী। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই তরুণীকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে বেঁধে রাখা হয়। এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।
মামলায় অভিযুক্তরা হলেন- এমসি কলেজ ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, মাহফুজুর রহমান মাছুম, অর্জুন লস্কর, বহিরাগত ছাত্রলীগ কর্মী রবিউল এবং তারেক আহমদ। মামলার অপর তিন আসামি অজ্ঞাত।