Sylhet Today 24 PRINT

মাধবপুরে বাসের ধাক্কায় এনজিওকর্মী নিহত

মাধবপুর প্রতিনিধি |  ০৩ অক্টোবর, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগতিতে যাওয়া একটি বাসের ধাক্কায় আবদাল মিয়া (৪০) নামে এনজিও আশার এক মাঠকর্মী নিহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এনজিও আশার নয়াপাড়া ব্রাঞ্চের মাঠকর্মী আবদাল ছাতিয়াইন এলাকার ফিল্ড ওয়ার্ক শেষে অফিসে ফেরার পথে রাস্তার পাশে মোটরসাইকেলে বসে এক পরিচিত ব্যক্তির সাথে কথা বলছিলেন। হঠাৎ ঢাকা থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় আবদালকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় ও মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়।

নিহত আবদাল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের রজব আলীর ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.