Sylhet Today 24 PRINT

ঝরে পড়া ঠেকাতে শিক্ষার্থীদের উপহার দিলেন ইউএনও গোলাম কবির

ছাতক প্রতিনিধি |  ০৪ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের ছাতকের কালারুকা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দিলেন ছাতক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. গোলাম কবির।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে ইউনিয়নের বোবরাপুর (দিঘলবন্দ) এলাকায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের হাতে তিনি উপহার তুলে দেন।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) ঠেকাতে গত ১৬ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। করোনা পরিস্থিতি অবনতির কারণে এ ছুটি আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সর্বশেষ এ ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। এরপরও চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

তাই এ সময়ে গ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন তাদের লেখাপড়া থেকে পিছিয়ে না আসে এবং পড়াশোনার প্রতি উৎসাহ জাগাতেই মূলত তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন ইউএনও মো. গোলাম কবির।

বিজ্ঞাপন

জানা যায়, শনিবার বিকেলে দাপ্তরিক ছুটির দিনে উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব ও সহকারী শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক) মাসুম মিয়াকে নিয়ে উপজেলার কালারুকা ইউনিয়নের বোবরাপুর (দিঘলবন্দ) এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের কাছ থেকে কবিতা আবৃত্তি শুনে শুনে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের হাতে তিনি উপহার তুলে দেন।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে এসব কোমলমতি শিক্ষার্থীরা যাতে বই-পুস্তক থেকে দূরে সরে না যায় এজন্য অভিভাবকদের যত্নশীল হওয়ার আহবান জানান।

এর আগে শনিবার সকালে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াসব্লক স্থাপনের জন্য ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে গ্রামবাসীদের নিয়ে মতবিনিময় করে এ সমস্যার সমাধান করেন তিনি।

ইউএনও গোলাম কবির জানান, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সরকার শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যাতে এ সুবিধা থেকে বঞ্চিত না হয় এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশোনা ছেড়ে অন্য কোনো পেশায় না যায় এজন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তিনি এ উদ্যোগটি নিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.