নিজস্ব প্রতিবেদক | ০৪ অক্টোবর, ২০২০
চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট। রোববার (৪ অক্টোবর) সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইটের উদ্বোধন করেন।
পরে সকাল সোয়া ১১টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-০০১ নম্বরের একটি ফ্লাইট ২৩৮ জন যাত্রী নিয়ে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
বিষয়টি নিশ্চিত করে বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, চলতি মাসে দুইটি ও নভেম্বর মাস থেকে থেকে প্রতি বুধবার একটি করে ফ্লাইট চলবে এ রুটে।
উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বের অন্যতম বিমানবন্দরের রূপান্তরের কাজ চলছে। অচিরেই আমেরিকা কানাডাসহ আন্তর্জাতিক বিমান এ রুটে চলাচল করবে।
এসময় ভাড়া কমানোসহ যাত্রীদের সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধির আশ্বাসও দেন প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
প্রসঙ্গত, ২০১১ সালে এ রুটে সরাসরি ফ্লাইট চালুর কিছুদিন পর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় সেটি বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে ঢাকা হয়ে এই ফ্লাইট চালু হলেও করোনার কারণে তা বন্ধ হয়ে যায়।
এছাড়া করোনা মহামারির আগে বিমান প্রতি সপ্তাহে লন্ডনে চারটি ও ম্যানচেস্টারে তিনটি করে ফ্লাইট পরিচালনা করতো। ফিরতি ফ্লাইটগুলো সিলেট হয়ে ঢাকায় এসে সরাসরি যুক্তরাজ্যের এই দুটি রুটে আবার যেত। কিন্তু করোনার কারণে যাত্রী কমে যাওয়ায় ১৬ জুলাইয়ের পর বিমানের লন্ডন ফ্লাইট বন্ধ হয়ে যায়। এক মাস পর ১০ আগস্ট থেকে ঢাকা-লন্ডন রুটে প্রতি সপ্তাহে একটি করে ফ্লাইট চালু করে বিমান।
তবে এই ফ্লাইট ওসমানীতে অবতরণ করতো না। সিলেটের যাত্রীদের বিমানের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে করে ঢাকায় এনে ইমিগ্রেশনের কার্যক্রম করানো হতো। লন্ডনে সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক বাসিন্দা বসবাস করেন। বিমান কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটের বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
পরবর্তী সময়ে গত ৪ আগস্ট বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক চিঠিতে পুনরায় লন্ডন-সিলেট ফ্লাইট চালুর সিদ্ধান্তের কথা জানিয়ে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। যার পরিপ্রেক্ষিতে আজ রোববার (৪ অক্টোবর) থেকে সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইট চালু হলো।