Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে লেগুনার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৪ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুরে লেগুনার ধাক্কায় শাহপরান মডেল হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ইমন আহমদ নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। রবিবার (৪ অক্টোবর) দুপুরে নাদামপুর, মজিদপুর ও হিজলা গ্রামবাসীর উদ্যোগে নাদামপুর পয়েন্টে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়।

এসময় এলাকাবাসী লেগুনা চালককে দ্রুত গ্রেপ্তার ও তার বিচারের দাবি জানান।

শুক্রবার (২ অক্টোবর) বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে জগন্নাথপুর বাজারের দিকে যাচ্ছিল ইমন আহমদ। এসময় জগন্নাথপুর-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের হিজলা নামক স্থানে বেপরোয়া লেগুনা গাড়ি ইমনের বাইসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইমন নিহত হয়।

মানববন্ধন চলাকালে শাহপরান মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক নোমান আহমেদ সাদীর সঞ্চালনায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সিরাজুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি সদস্য ইকবাল হোসেন সাজ্জাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নুরুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, শিক্ষা সমিতির সভাপতি শাহাজান সিরাজী, গ্রামের মুরুব্বি হাজী আব্দুর রাজ্জাক, আব্দুল হাসিম, সিরাজ মিয়া, ছবির মিয়া, শাহ পরান মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, শিক্ষক শের আলী, ইয়াকুব আলী, সেলিম মিয়া, নাসির মিয়া প্রমুখ।

শাহপরান মডেল হাই স্কুলের অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন শেষে গ্রামবাসী চালকের বিচার ও দ্রুত গ্রেপ্তার চেয়ে জগন্নাথপুরের ইউএনও বরাবর স্মরকলিপি প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.