Sylhet Today 24 PRINT

নগরীতে অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক উদ্ধার

অপহরণকারী ৪ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৪ অক্টোবর, ২০২০

সিলেট নগরীতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী এক ভারতীয় নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাকে অপহরণকারী ৪ জনকেও আটক করা হয়।

রোববার (৪ অক্টোবর) ভোর ৫টার দিকে শেখঘাট কলাপাড়াস্থ একটি কলোনি থেকে তাদের উদ্ধার ও আটক করা হয়।

উদ্ধারকৃত ভারতীয় নাগরিক ওয়ানসিম্পার বিয়াম ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের ওয়ানসুক ব্লাহর ছেলে। অপহরণকারী আটক ৪ বাংলাদেশি হলেন- নীল মনি বিশ্বাস (২৫), শ্রী দোলন দেবনাথ (২২), সুজিত বিশ্বাস (৩৭) ও নিতাই নম (২৮)।

প্রাথমিকভাবে জানা যায়, ভারতীয় নাগরিক বাংলাদেশি নাগরিকের কাছে গরু কেনা বেচার উদ্দেশ্যে দেলোয়ার হোসেন দিলু (৩০) এর সাথে কথা বলে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন তামাবিল স্থলবন্দরের পূর্বে কাটা তারবিহীন সীমান্ত অতিক্রম করে অনুমান ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে আটক ৪ বাংলাদেশি নাগরিক তাকে অপহরণ করে উপরে বর্ণিত ঘটনাস্থলে নিয়ে আটকে রাখে।

ভারতীয় নাগরিক বাংলাদেশে কিভাবে প্রবেশ করে তার কোন বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। কোন পাসপোর্ট, কাগজপত্র প্রদর্শন করতে না পারায় ভারতীয় নাগরিকের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানার মামলা নং-০৭ তাং-০৪/১০/২০২০খ্রিঃ ধারা- কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট ১৯৫২ এর ৪, রুজু করা হয়। আর অপহরণের দায়ে বাংলাদেশি নাগরিক নীল মনি বিশ্বাস (২৫), কৃষ্ণ (৪৫), শ্রী দোলন দেবনাথ (২২), সুজিত বিশ্বাস (৩৭), নিতাই নম (২৮), দেলোয়ার হোসেন দিলু (৩০) ও রিপন বিশ্বাস (২৮) এর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানার মামলা নং-০৬ তাং-০৪/১০/২০২০খ্রিঃ ধারা- ৩৬৫/৩৪ পেনাল কোড রুজু করা হইয়াছে।

গ্রেপ্তারকৃত সকল আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশ কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.