Sylhet Today 24 PRINT

ছাতকে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৫

ছাতক প্রতিনিধি |  ০৫ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের ছাতকে পলাতক আসামি ডাকাত বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ কর্মকর্তা।

রোববার রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

ডাকাত বাচ্চু মিয়াকে গ্রেপ্তারসহ ৪ হামলাকারীকে আটক করেছে পুলিশ। বাচ্চু মিয়া বাতির গ্রামের ইসমাইল আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডাকাতিসহ ৬ মামলার পলাতক আসামি বাচ্চু মিয়া (৩২)কে গ্রেপ্তার করতে পুলিশ বাতিরকান্দি গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ ঘর থেকে বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে তার স্বজনরা আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টায় পুলিশের উপর হামলা চালায়।

হামলায় আহত এসআই দেলোয়ার হোসেন, এএসআই সুমন চন্দ ও এএসআই মহিউদ্দিন ছাতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশের উপর হামলাকারীদের মধ্যে বাচ্চু ডাকাতের পিতা ইসমাইল আলী (৬২), চাচা ইয়াকুব আলী (৪৮), ভাই জুবেদ আলী (২৮) ও স্বজন আইয়ূব আলীর ছেলে আব্দুল আহাদ (৩০) কে আটক করে পুলিশ।

ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.