Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে হাতের কবজি কর্তন

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৫ অক্টোবর, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে লুডু খেলা নিয়ে কথা কাটাকাটিতে রনি আহমেদ (২১) নামে এক ব্যক্তির হাতের কবজি কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত দেড়টায় উপজেলার আদমপুর ইউপির উত্তরভাগ এলাকার রফিক ড্রাইভারের বাড়ির সামনের রাস্তার উপরে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ৪ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় একটি মামলা করেছেন আহত রনির মামা দেলোয়ার হোসেন। বর্তমানে রনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

কমলগঞ্জ থানার মামলা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টায় উপজেলার আদমপুর ইউপির উত্তরভাগ এলাকার মাসুক মিয়ার ছেলে উজ্জ্বল মিয়ার বাড়িতে প্রতিদিন লুডু খেলা দেখতে যায়। ঘটনার দিন আহত রনি আহমেদ, হেলাল মিয়া, ময়না মিয়া ও উজ্জ্বল মিয়া মিলে মৃত ইছন মিয়ার ছেলে হায়াত মিয়ার বাড়ির বারান্দায় লুডু খেলছিল। লুডু খেলার এক পর্যায়ে রনি, হেলাল ও ময়নার সাথে উজ্জ্বল মিয়ার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উজ্জল মিয়া রনিকে অকথ্যভাষায় গালিগালাজ করতে থাকে ও রনিকে মারধরের জন্য আবুল হোসেন, মাসুক মিয়া ও তাজু মিয়াকে ডেকে আনে। তখন আবুল হোসেন তার বাড়ি থেকে ধারালো দা নিয়ে এসে রনিকে প্রাণে মেরে ফেলার জন্য তার মাথা লক্ষ্য করে কোপ মারলে রনি হাত দিয়ে আটকানোর চেষ্টা করলে তার বামহাতের কবজির উপর পরে গুরুত্বর জখম হলে তার কবজির উপরের অংশ হাত থেকে আলাদা হয়ে যায়। তখন রনি মাটিতে লুটিয়ে পড়লে উজ্জ্বল মিয়া, আবুল হোসেন, মাসুক মিয়া ও তাজু মিয়া মিলে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে চলে যায়।

রনির হাল্লা-চিৎকার শুনে পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে আলাপকালে কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.