Sylhet Today 24 PRINT

শিক্ষা প্রতিষ্ঠানে অপরাজনীতি ও দখলদারিত্ব বন্ধের দাবি শিক্ষকদের

সিলেটটুডে ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০২০

বিশ্ব শিক্ষক দিবসে সিলেটে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে বিশ্ব শিক্ষক দিবস-২০২০ পালন এবং শিক্ষকদের ন্যায়সঙ্গত সকল দাবি-দাওয়া বাস্তবায়ন ও দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অপরাজনীতি ও দখলদারিত্ব বন্ধ ও এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস।

মানববন্ধনে বক্তারা এমসি কলেজে গণধর্ষণ ও নির্যাতনের সাথে জড়িত সকল অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার দাবি জানান। সেই সাথে শিক্ষকদের অসন্তুষ্টি কারও কাম্য নয় তাই শিক্ষকদের ন্যায়সঙ্গত সকল দাবি-দাওয়া বাস্তবায়নের জোর দাবি জানান।

কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য, বাকবিশিস সিলেট মহানগর শাখার সভাপতি উপাধ্যক্ষ অজয় কুমার রায়ের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাশ্মীর রেজার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু, অধ্যাপক সাব্বির আহমদ, অধ্যাপক সীতাংশু শেখর দেব, অধ্যাপক এনামুল হক, অধ্যাপক রমেন্দু তালুকদার, অধ্যাপক জান্নাতারা খান পান্না, অধ্যাপক হিমাংশু রঞ্জন দাস অধ্যাপক রথী লাল রায় অধ্যাপক মাধব রায়, অধ্যাপক তাহমিনা আক্তার অধ্যাপক নাসরিন জাহান শিক্ষক ফারুক আহমেদ, অধ্যাপক রুহুল আমিন অধ্যাপক মাহবুবুর রউফ চৌধুরী ও অধ্যাপক ফজলে রাব্বি প্রমুখ।

এ সময় মানববন্ধন কর্মসূচিতে সহমর্মিতা প্রকাশ করেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিরা বেগম শিলা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.