Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ইউপি চেয়ারম্যানের অভিযোগে মেম্বার বরখাস্ত

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৬ অক্টোবর, ২০২০

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে বরখাস্তকৃত চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের অভিযোগের প্রেক্ষিতে বরখাস্ত হয়েছেন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদ আহমদ চৌধুরী।

সোমবার (৫ অক্টোবর) স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব ইফতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেন।

প্রজ্ঞাপনে কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত ভিজিডির কার্ডে সুবিধাভোগীর নাম পরিবর্তন করায় বরখাস্ত করা হয় গজনাইপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদ আহমদ চৌধুরী। অভিযোগ রয়েছে সত্য বিষয়টি জেনেও চেয়ারম্যান মুকুল মিথ্যের আশ্রয় নিয়ে অভিযোগ দেন।

এ প্রসঙ্গে বরখাস্তকৃত ইউপি সদস্য জাহেদ আহমদ চৌধুরী বলেন, গজনাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের লাগামহীন দুর্নীতি ও গরীবের হক মেরে খাওয়ার প্রতিবাদ করায় এবং গণমাধ্যমে বক্তব্য দেয়ায় চেয়ারম্যান কর্তৃক ষড়যন্ত্রের শিকার আমি। সুবিধাভোগীদের কোনো অভিযোগ না থাকলেও স্ব-প্রণোদিত হয়ে চেয়ারম্যান আমার বিরুদ্ধে অভিযোগ দেন। মূল বিষয় হচ্ছে একজন তালিকাভুক্ত সুবিধাভোগী আর এ সুবিধা নিতে পারবেন না বলে আমাকে জানান এবং তিনি বলেন, তার কার্ড তার আত্মীয়কে দেয়ার জন্য লিখিত আবেদন করে। এরই প্রেক্ষিতে আমি ওই সুবিধাভোগীর পরিবর্তনে তার আত্মীয়ের নাম দেই। আবেদনের কপি আছে। তাদের কোন অভিযোগ নেই তারা আমার প্রতি কৃতজ্ঞ। কিন্তু চেয়ারম্যান সাহেব প্রশাসনকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.