Sylhet Today 24 PRINT

দিরাইয়ে প্রবাসী ভাইয়ের জমি আত্মসাতের অভিযোগ

দিরাই প্রতিনিধি |  ০৭ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ে প্রবাসী ছোট ভাইয়ের জমি ছলচাতুরীর মাধ্যমে আত্মসাৎ করেছেন আপন বড় ভাই। ঘৃণিত ও নেক্কারজনক ঘটনার জন্ম দিয়েছেন, উপজেলার কুলঞ্জ ইউনিয়ন উত্তর সুরিয়ারপার গ্রামের বাসিন্দা, মৃত আব্দুর রহমানের ছেলে আমির উদ্দিন ও ঈমান উদ্দিন। প্রবাসী ভাইয়ের জমি আত্মসাৎ এর বিষয়টি জানাজানি হয়ে যাওয়ায় এলাকার সকল শ্রেণি পেশার মানুষ নিন্দা ও প্রতিবাদ জানান।

এ ব্যাপারে আমির উদ্দিন ও ঈমান উদ্দিনের ভাই প্রবাসী আফিজ উদ্দিন বলেন, আমার এ দুই ভাই এলাকার চাঁদাবাজ, মাস্তান চোরদের মদদদাতা এবং পরের জমিলিপ্সু প্রকৃতির লোক। তাদের অত্যাচার থেকে গ্রামের নিরীহ লোক এমনকি আমরা আপনজনরা ও নিরাপদ নই। তারা ছলচাতুরীর মাধ্যমে আমি প্রবাসে ও আমার পরিবার সিলেটে থাকায় আমার ভাই ঈমান উদ্দিন, আমির উদ্দিন আমার জমি ছলচাতুরী ও জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন। আমি বিষয়টি জেনে যাবতীয় তথ্যাদি সংগ্রহ করিয়ে গত ২৬ জুলাই মাননীয় আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দিরাই, জোন সুনামগঞ্জে আমার ছেলে দেলোয়ার হোসেনকে দিয়ে ঈমান উদ্দিন ও আমির উদ্দিনের বিরুদ্ধে জমি আত্মসাতের মামলা দায়ের করাই। এরপর থেকে তারা আমার ছেলে ও পরিবারের উপর খুব খেপেছে এবং আমার জমি আত্মসাৎ করে প্রায় দুই লক্ষ পঁচাশি হাজার টাকার ক্ষতি করেছে।

দেলোয়ার হোসেন বলেন বলেন, গত ২৩ সেপ্টেম্বর আমি নিজ বাড়িতে গেলে ওই দিন বিকেল ৪টার দিকে আমার বাড়িতে আমার কাছে ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। আমি টাকা দিতে আপত্তি জানালে তারা বলে তোমার বাবার সকল সম্পত্তি জোরপূর্বক আমাদের নামে তুলে নেব এবং আমাকে প্রাণে মারার হুমকি দিলে আমি সাথে সাথেই বাড়ি থেকে চলে আসি এবং গত ২৭ সেপ্টেম্বর মাননীয় পুলিশ সুপার সুনামগঞ্জ বরাবর আমার চাচা আমির উদ্দিন, ঈমান উদ্দিনসহ তাদের পরিবারে সদস্যের বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা নিতে লিখিত আবেদন করি।

দেলোয়ার হোসেন আরও বলেন, গত ২৬ জুলাই আমার করা জমি আত্মসাৎ মামলার জেলা গোয়েন্দা সংস্থার কর্তৃক তদন্তে গত ১ সেপ্টেম্বর আমার বাবার জমি আত্মসাৎ এবং দুই লক্ষ পঁচাশি হাজার টাকার ক্ষতি করার প্রমাণ পাওয়া গেছে বলে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমল গ্রহণকারী আদালত দিরাই জোন সুনামগঞ্জে ৭২ পৃষ্ঠার প্রতিবেদন জমা দেন।

দেলোয়ার হোসেন কান্নাভরা কন্ঠে বলেন, তাদের বিরুদ্ধে মামলা হওয়ার পর এলাকার সকল শ্রেণিপেশার মানুষ তাদের এ ঘৃণিত কাজের নিন্দা ও প্রতিবাদ জানালেও আমরা পড়েছি মহাবিপদে। তারা আমাকে আমাদের পরিবারের লোকদের মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাদের কারণে বহুদিন ধরে নিজ মাটি, ভিটা ছেড়ে যাযাবরের মতো জীবন কাটাচ্ছি।

এলাকার বিভিন্ন শ্রেণি পেশার অন্তত ১০-১২ জন লোকের সাথে আলাপ করলে তারা ক্ষোভের সাথে বলেন বহুদিন পরে হলেও আমির উদ্দিন, ঈমান উদ্দিনের মুখোশ উন্মোচন হওয়ার আমরা আনন্দিত। তাদের এলাকার অসহায় মানুষ এমন কি আপন ভাই-ভাতিজা নিরাপদ নয়। তারা কিভাবে আপন ভাইয়ের জমি আত্মসাৎ করলো সবাই এ ন্যাক্কারজনক ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে কিন্তু প্রকাশ্যে মুখ খুলতে নারাজ।

তারা বলেন, হত্যা-রাহাজানি এলাকার যাবতীয় সকল ঘৃণিত কাজের সাথে জড়িত এ চক্র।

এ ব্যাপারে দিরাই থানার ওসি তদন্ত আকরাম উদ্দিন বলেন, পুলিশ সুপার স্যার বরাবরে দাখিলকৃত অভিযোগ তদন্তের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৭ অক্টোবর বুধবার আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তপূর্বক প্রতিবেদন দাখিল করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.