Sylhet Today 24 PRINT

ধর্ষিত ও নির্যাতিতদের সুরক্ষায় রাষ্ট্রীয় সহায়তার দাবি

শাবির যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধ কমিটি

নিজস্ব প্রতিবেদক |  ০৭ অক্টোবর, ২০২০

ধর্ষিত ও নির্যাতিত পরিবারের সুরক্ষায় রাষ্ট্রীয় সহায়তার দাবি জানিয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্পে অভিযোগ কমিটি'।

গত ২৫ সেপ্টেম্বর তরুণীকে তুলে নিয়ে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ ও দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ-নারী নির্যাতন ঘটনার পরিপ্রেক্ষিতে কমিটির সভাপতি অধ্যাপক নাজিয়া চৌধুরী ও সদস্য সচিব জাফরিন আহমেদ বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই দাবি জানিয়েছেন।

সিলেটসহ দেশব্যাপী ধর্ষণবিরোধী প্রতিবাদ-বিক্ষোভের সঙ্গে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের 'যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্পে অভিযোগ কমিটি' সংহতি প্রকাশ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের পাশাপাশি আশ্রয়-প্রশ্রয়দাতাদের সমান অপরাধী হিসেবে আইনের আওতায় আনতে হবে।
 
নির্যাতনের ঘটনা জনসম্মুখে আসার পর নির্যাতিতরা যে দুঃসহ বিড়ম্বনার মুখে পড়েন, এ পরিস্থিতি কাটাতে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারি রাখার দাবি জানানো হয়। এ ব্যাপারে বলা হয়, বিচার চলাকালে ও পরবর্তী সময়ে রাষ্ট্রকে নির্যাতিতদের সুরক্ষার দায়িত্ব নিয়ে প্রয়োজনে বিচারপ্রার্থীদের জন্য 'নিরাপত্তা সেল' গঠন করতে হবে।

করোনা পরিস্থিতিতে বন্ধ থাকা সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে এ রকম ঘটনার পরিপ্রেক্ষিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মতো 'যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধকল্পে অভিযোগ কমিটি' গঠনের প্রস্তাব করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কমিটির সভাপতি নাজিয়া চৌধুরী। তিনি বলেন, 'এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ রকম কমিটি গঠন করে সামাজিক সুরক্ষা প্রতিষ্ঠা করতে হবে।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.