Sylhet Today 24 PRINT

ধর্ষণের বিরুদ্ধে সুনামগঞ্জে সংস্কৃতিকর্মী, শিক্ষক-শিক্ষার্থী’র প্রতিবাদ

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ০৭ অক্টোবর, ২০২০

‘পথে নামো, আওয়াজ তোল, অনাচার-অবিচার-নৃশংসতা রুখে দাঁড়াও’ এই স্লোগানের মাধ্যমে সারাদেশে ধর্ষণের প্রতিবাদে একত্রিত হয়েছেন সুনামগঞ্জের সাংস্কৃতিকর্মী, শিক্ষার্থী, শিক্ষক, সমাজকর্মীরা।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে শহরের হোসেন বখত চত্ত্বর এলাকায় এক কাতারে এসে ধর্ষণের প্রতিবাদে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করেন তারা। এসময় সাংস্কৃতিক কর্মীরা প্রতিবাদী গান, কবিতা, নৃত্য পরিবেশন করে সারাদেশে ঘটে যাওয়া সকল ধর্ষণের প্রতিবাদ জানানো হয়।

প্রসেনিয়াম থিয়েটারের নাট্যকর্মী দেবাশিষ তালুকদার শুভ্র’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট অলক ঘোষ চৌধুরী, সৃষ্টি থিয়েটারের সভাপতি সামিনা চৌধুরী মনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের শিক্ষার্থী ফারজিয়া হক ফারিন, আবৃত্তি শিল্পী রুবাইয়া আলতাফ নুরা, নাট্যকর্মী শাওন দাস, পৃথ্বি রাজ, যুব ইউনিয়ন নেতা আবু তাহের প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বন্ধন থিয়েটারের সভাপতি নাট্যকর্মী সামির পল্লব, থিয়েটার সুনামগঞ্জের সহদলনেতা তাজকিরা হক তাজিন, শিক্ষার্থী কারিশমা দেবী মনি, এআর অমিত প্রমুখ।

সমাবেশে কবিতা আবৃত্তি করেন প্রসেনিয়াম থিয়েটারের দলনেতা সাদিকুর রহমান খান রুবেল, নৃত্য পরিবেশন করেন বৃষ্টি তালুদার, প্রতিবাদী গান পরিবেশন করেন আলাউর রহমান।

এসময় বক্তারা বলেন, ‘দেশে কোন মেয়ে নিরাপদ নয়, যে কোনো সময় বড় ধরনের ঘটনা ঘটে যেতে পারে। সম্প্রতি সিলেটের এমসি কলেজ, নোয়াখালীর বেগমগঞ্জে যে নৃশংসতা ঘটে গেছে তাতে পুরো দেশের মানুষকে এই ঘটনা গুলি লজ্জায় ফেলে দিয়েছে এবং এর দায় কেউ এড়াতে পারেন না। আর ভবিষ্যতে আরো জঘন্য ঘটনা ঘটতে পারে কারণ অতীতের ঘটনাগুলোর যথাযথ বিচার না হওয়ায় এমন ঘটনা ঘটে চলেছে। তাই এখন সময় এসেছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির বিধান করে এবং রায় কার্যকর করে মৃত্যুদণ্ড নিশ্চিত করলে তবেই ধর্ষকদের ভয় হবে। এতে ভবিষ্যতে এসব নৃশংস কাজ করতে তারা ভয় পাবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.