Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে ধর্ষণ বিরোধী কর্মসূচিতে ‘ছাত্রলীগের হামলা’, আহত ৫

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৮ অক্টোবর, ২০২০

মৌলভীবাজারে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারের ধর্ষণ বিরোধী অবস্থান কর্মসূচিতে ছাত্রলীগের একাংশের হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টায় মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা সংসদের সহ সভাপতি বিশ্বজিৎ নন্দী, দপ্তর সম্পাদক রাজীব সূত্রধর, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রইয়ান শিপু ও মৌলভীবাজার সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক শিহাব আহমেদ।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে উপস্থিত থাকা মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ শিক্ষার্থী আয়শা আক্তার নওমী জানান, আমরা ১১টার ধর্ষণ বিরোধী বিক্ষোভ সমাবেশ এবং মিছিলের জন্য অবস্থান নেই এবং ১২ টার দিকে ছাত্রলীগ দলবল নিয়ে হামলা চালায়।

ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি শুভিনয় রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করছিলাম এ সময় এই হামলা চালানো হয়।

তবে পুলিশ এ ব্যাপারে অবগত নয় জানিয়ে মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক জানান, এ ধরণের কোন অভিযোগ আমরা পাইনি।

এদিকে জেলা ছাত্রলীগের সহ সভাপতি অমিত রায় জানান, এমন কিছুর ঘটেছে বলে তিনি জানেন না। এমন কিছু ঘটলে অবশ্যই জানতাম বলেও যোগ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.