Sylhet Today 24 PRINT

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে ধর্ষণ কমবে : পরিবেশ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক  |  ০৮ অক্টোবর, ২০২০

এমসি কলেজের হোস্টেলে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা গোটা সিলেটবাসীর জন্যই লজ্জাজনক বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। বর্বোরচিত এই ঘটনায় গ্রেপ্তার হওয়া সকল অপরাধীর দৃষ্টান্তমূলক শান্তি হবে বলে প্রত্যাশা তার।

আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি উঠেছে বিভিন্ন মহলে। এই দাবির প্রতিও সমর্থন জানিয়েছেন এই আইন প্রণেতা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে প্রসঙ্গক্রমে, দেশব্যাপী আলোড়ন তোলা নারী নিপীড়নের ঘটনার প্রতিক্রিয়া দেন মন্ত্রী। তিনি জানান, তাদের সরকার এসব ঘটনায় বিচারের সব রকম ব্যবস্থা করছে, ‘সিলেট এমসি কলেজের বর্বোরচিত, জঘন্যতম ঘটনায় ব্যক্তিগতভাবে ও সরকারে পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। ন্যক্কারজনক এই ঘটনা সিলেটবাসীর জন্য লজ্জার। ইতিমধ্যে এদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আইনের বিধান অনুযায়ী এদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এটা আমরা চাই।’

এমসি কলেজের ঘটনার রেশ থাকতেই নোয়াখালীর বেগমগঞ্জ এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিন্দার ঝড় উঠার পর ওই ঘটনারও দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। তবে চলতি সময়ে দেশব্যাপী চলতে থাকা নারী নিপীড়নের ঘটনায় শুরু হয়েছে প্রতিবাদ। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ধর্ষকদের বিচার চেয়ে রাস্তায় নেমেছেন। এদের কারো কারো সঙ্গে সরকার দলের লোকজনের সংশ্লিষ্টতায় ক্ষোভ ঝরছে মানুষের। দাবি উঠছে সর্বোচ্চ শাস্তির।

বিজ্ঞাপন

এই আওয়ামীলীগ নেতা বলেন, ‘মানুষের চলমান প্রতিবাদ-আন্দোলনে সমর্থন আছে তার। সেইসঙ্গে অপরাধীদের সাজার ব্যবস্থা করতে সরকারও আন্তরিক, ‘অনেক জায়গায় ধর্ষণ, নির্যাতনের মতো বর্বোরোচিত ঘটনা ঘটছে। ঘটনাগুলোর তীব্র নিন্দা জানাই। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করেছে। এসব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি উঠেছে। এসব দাবির প্রতি সমর্থন আছে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে জঘন্যতম এই ঘটনা কমবে। এরকম ঘটনা যাতে আর কোথাও না ঘটে সেই রকম ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হবে।’

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার যে দাবি উঠেছে, তাতে সমর্থন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদেরও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.