Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বৃদ্ধকে রড দিয়ে পেটানো মামলার প্রধান আসামি আটক

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৯ অক্টোবর, ২০২০

সুনামগঞ্জের জগন্নাথপুরে মে‌য়ের খোঁজ না দেয়ায় বৃদ্ধ বাবাকে রড দিয়ে পিটিয়ে আহত করার ঘটনার প্রধান আসামি শামীম আহমদকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থেকে তাকে আটক করে গোয়েন্দা (ডি‌বি) পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (৫ অক্টোবর) রাতে স্বামী পরিত্যক্তা মেয়ের খোঁজ না দেওয়ায় মেয়ের বাবাকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ বাজারের কলোনির ভাড়া বাসা থেকে ধরে নিয়ে গিয়ে রড দিয়ে পিটিয়ে আহত করে পার্শ্ববর্তী গুতগাঁও গ্রামের শামীম আহমদ ও তার লোকজন।

পরে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হ‌লে পাঁচজনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, লিটন মিয়া, আকাই মিয়া, ইলিয়াছ মিয়া, আলম মিয়া ও  কাজল মিয়া। ঘটনার পরদিন মঙ্গলবার (৬ অক্টোবর) শামীম আহমদকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন ওই তরুণী।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইখতিয়ার উদ্দির চৌধুরী বলেন, মামলার প্রধান আসামী শামীম আহমদকে আটক করা হয়েছে। তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় জড়িত সবাইকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.